শতরান থেকে আর মাত্র ১৫ রান দূরে স্টিভ স্মিথ, বড় রানের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

Steve Smith
Steve Smith (Photo Source: Ryan Pierse/Getty Images)

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুটা বেশ ভালোই করেছে অস্ট্রেলিয়া। লর্ডসের মাঠে প্ৰথম দিনে তারা ৮৩ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রান তুলেছে। ওপেনার উসমান খাওয়াজা এবং ক্যামেরন গ্রিন বাদে এখনও পর্যন্ত প্রত্যেকেই বেশ ভালো রান পেয়েছে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার ফর্মে ফিরেছেন। তার ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। শেষমেশ ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে একটি সুন্দর ইনিংস খেলে তিনি সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন।

লর্ডস টেস্টে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত এখনও অবধি ইংল্যান্ডের পক্ষে যায়নি। প্ৰথম দিনেই একটি পাহাড় সমান রানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। তাদের হাতে এখনও পাঁচটি উইকেট রয়েছে। দ্বিতীয় দিনে খুব তাড়াতাড়ি উইকেট ফেলতে না পারলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল।

আগের ম্যাচে ম্যাচসেরা হওয়ার পর এই ম্যাচের প্ৰথম ইনিংসে ৭০ বলে মাত্র ১৭ রান করতে সক্ষম হয়েছেন উসমান খাওয়াজা। ডেভিড ওয়ার্নার ৮৮ বলে ৬৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মার্নাস ল্যাবুশেনও রানে ফিরেছেন। তিনি ৭টি চার সহ ৯৩ বলে ৪৭ রান করেন। স্টিভ স্মিথ দ্বিতীয় দিন অবশ্যই নিজের শতরান সম্পূর্ণ করতে চাইবেন। তিনি ১৪৯ বলে ৮৫ রান করে ক্রিজে টিকে রয়েছেন। স্টিভ স্মিথ এখনও অবধি ১০টি চার মেরেছেন। ট্র্যাভিস হেড খুবই ভালো ফর্মে রয়েছেন। এই টেস্টেও তিনি ভালো রান পেয়েছেন। তিনি ১৪টি চার সহ ৭৩ বলে ৭৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এবং স্মিথের মধ্যে ১১৮ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে উঠেছিল। ক্যামেরন গ্রিন এই ম্যাচের প্ৰথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। এই মুহূর্তে স্টিভ স্মিথের সাথে ক্রিজে রয়েছেন অ্যালেক্স কেরি। তিনি এখনও পর্যন্ত ৩৪ বলে ১১* রান করতে সক্ষম হয়েছেন।

দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে ইতিমধ্যেই ২ উইকেট তুলে নিয়েছেন জশ টং

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মঈন আলির জায়গায় দলে জায়গা পেয়ে ইতিমধ্যেই দুটি উইকেট তুলে নিয়েছেন জশ টং। তিনি অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে আউট করেন। তিনি এখনও পর্যন্ত ১৮ ওভারে ৮৮ রান দিয়েছেন।

জো রুট বল হাতে এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তিনি ৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। অলি রবিনসন ১টি উইকেট নিয়েছেন। ম্যাচের দ্বিতীয় দিনে অবশ্যই কামব্যাক করতে চাইবে ইংল্যান্ড।

close whatsapp