জিম্বাবোয়ে বনাম ভারত: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
দ্বিতীয় ম্যাচেই ভারত সিরিজ দখলে নিতে চাইবে
আপডেট করা - Aug 19, 2022 7:10 pm

ভারতের জিম্বাবোয়ে সফর ১৮ই অগাস্ট, বৃহস্পতিবার, হারারেতে শুরু হয়েছিল এবং ভারত ১০ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল। প্রথম ম্যাচে আধিপত্যপূর্ণ পারফর্ম্যান্সের পরে মেন ইন ব্লু চাইবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ দখলে নিতে।
জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করার পরে দীপক চাহারের ফাস্ট বোলিংয়ের দুর্দান্ত স্পেলের সামনে আত্মসমর্পণ করে। প্রথম চার উইকেটের তিনটিই দখল করেন চাহার। ছয় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দীপক।
শেষের দিকে রেজিস চাকাবভা, ব্র্যাড ইভান্স এবং রিচার্ড ঙ্গারাভার অবদানে ১৮৯ রানে পৌঁছলেও ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য তা যথেষ্ট ছিল না। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও শুবমান গিল ৩০.৫ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে। ধাওয়ান ও গিল যথাক্রমে ১১৩ বলে ৮১ রানে এবং ৭২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন।
পিচ রিপোর্ট
হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে সাধারণত ব্যাট এবং বলের মধ্যে সমান প্রতিযোগিতা থাকে। জিম্বাবোয়ে এবং বাংলাদেশের মধ্যে আগের সিরিজের তিনটি ম্যাচের ছয় ইনিংস জুড়ে গড় স্কোর ছিল ২৬৬। তাই ইনিংসের প্রথম দিকে উইকেট নিতে না পারলে পরের দিকে সমস্যায় পড়তে পারে ফিল্ডিং করা দল।
কোন দলের কেমন কম্বিনেশন
জিম্বাবোয়ে
প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করার লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন করার কথা ভাববে জিম্বাবোয়ে। তাকুদ্জওয়ানাশে কাইতানো ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন, ফলে ওয়েসলি মাধেভেরেকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। ব্র্যাড ইভান্স আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অবধি বল হাতে বিশেষ ছাপ ফেলতে পারেননি, তাই তিনিও বাদ যেতে পারেন। দলে ফিরতে পারেন টনি মুনিয়োঙ্গা ও ডোনাল্ড তিরিপানো।
সম্ভাব্য একাদশ: ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, রেজিস চাকাবভা (অধিনায়ক ও উইকেটকিপার), সিকান্দার রাজা, রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ডোনাল্ড তিরিপানো, লিউক জংওয়ে, রিচার্ড ঙ্গারাভা, ভিক্টর নিয়াউচি।
ভারত
প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জেতার পরে ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে কিছু পরিবর্তনের কথা ভাবতে পারে। শিখর ধাওয়ান ইংল্যান্ড সিরিজ থেকে সুযোগ পাচ্ছেন এবং সিনিয়ররা দলে ফিরে এলেও তাঁর জায়গা একপ্রকার নিশ্চিত। তাই তাঁকে বিশ্রাম দেওয়া যেতে পারে এবং সেই জায়গায় রুতুরাজ গায়কওয়াড়কে খেলানো যেতে পারে। এ ছাড়া প্রথম ম্যাচে ৬.২৫ ইকোনমি রেটে রান দেওয়া প্রসিধ কৃষ্ণর পরিবর্তে খেলানো যেতে পারে শার্দূল ঠাকুরকে।
সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, ঈশান কিষাণ, কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, দীপক চাহার, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
জিম্বাবোয়ে বনাম ভারত হেড-টু-হেড
ম্যাচ – ৬৪ | জিম্বাবোয়ে – ১০ | ভারত – ৫২ | টাই – ২
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ১২:৪৫
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনিলিভ অ্যাপ