গুগল সার্চে ভারতের অধিনায়ক হিসেবে নাম নেই হরমনপ্রীতের, আন্দোলনে নামলেন যুবরাজ, রায়নারা

সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ টি-২০ আন্তর্জাতিক খেলেছেন হরমনপ্রীত

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এর সেমি-ফাইনালে পৌঁছেছে। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দল তাদের শেষ গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ রানে (ডিএলএস পদ্ধতি) হারিয়েছে এবং চার ম্যাচে তিনটি জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে সেমি-ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে।

সম্প্রতি একজন ফ্যান সার্চ ইঞ্জিন গুগলে অনুসন্ধান করেছিলেন ‘ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক’ এবং অনুসন্ধানের ফলাফল বিতর্কের জন্ম দিয়েছিল কারণ ফলাফলে নাম এসেছিল শুধুমাত্র পুরুষ দলের অধিনায়কদের – রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। এর প্রতিক্রিয়ায়, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়নারা মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীতের উদ্দেশে তাঁদের সমর্থন জানিয়েছেন।

“যদি আমরা এই সমস্যাটি তৈরি করে থাকি, তবে আমাদেরই এটি সমাধান করার ক্ষমতা রয়েছে। আসুন এটি মহিলাদের ক্রিকেটের জন্য করি! #Twitter #Quora #LinkedIn এবং #Reddit-এ এই হ্যাশট্যাগটি ব্যবহার করুন: #IndianCricketTeamCaptainHarmanpreetKaur যাতে কথাটি ছড়িয়ে দিয়ে একটি পার্থক্য তৈরী করা যায়,” যুবরাজ টুইট করেছেন।

সুরেশ রায়নাও হরমনপ্রীতের সমর্থনে এসে মানুষকে আন্দোলনে যোগ দিতে বলেছেন। “আন্দোলনে যোগ দিন। #IndianCricketTeamCaptainHarmanpreetKaur-এর সাথে টুইটার, লিঙ্কডইন, বা রেডিট-এ ভিডিও্টি পোস্ট করুন,” তিনি টুইট করেছেন।

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়াও টুইট করেছেন। “একটি বিশাল উদ্দেশ্যের সঙ্গে থাকুন! আসুন একসাথে এটা ঘটাতে পারি #IndianCricketTeamCaptainHarmanpreetKaur,” তিনি লিখেছেন।

হরমনপ্রীত আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচে একটি কীর্তি স্থাপন যখন তিনি ১৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হয়েছিলেন। তিনি মহিলাদের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, ২৭.৮৩ গড়ে এবং ১০৫.৭৫ স্ট্রাইক রেটে ৩১৬৬ রান করেছেন। তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে একটি সেঞ্চুরি ও নয়টি হাফ সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত।

এদিকে, ভারত পরবর্তী ২৩শে ফেব্রুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডসে প্রথম সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য, ২০২০ সালে টুর্নামেন্টের শেষ সংস্করণের ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল।

close whatsapp