মহিলাদের আইপিএলের উদ্বোধনী সংস্করণ সম্ভবত ৩ থেকে ২৬ মার্চ

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩-এর এক সপ্তাহ পরেই টুর্নামেন্ট শুরু করতে চাই বিসিসিআই

Smriti Mandhana and Harmanpreet Kaur
Smriti Mandhana and Harmanpreet Kaur. (Photo Source: IPL/BCCI)

উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ডব্লিউআইপিএল)-এর উদ্বোধনী সংস্করণটি ৩ থেকে ২৬ মার্চ ভারতে আয়োজিত হওয়ার সম্ভাবনা। ভারতে মহিলাদের ক্রিকেটের প্রসারের জন্য, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অক্টোবরে বার্ষিক সাধারণ সভায় এই টি-২০ টুর্নামেন্টের প্রবর্তনের পরিকল্পনা করেছিল, তবে টুর্নামেন্টের তারিখ এবং সময়সূচী এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি।

ইএসপিএনক্রিকইনফো-র প্রতিবেদন অনুসারে, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সমাপ্তির এক সপ্তাহ পরে টুর্নামেন্টের আয়োজন করতে চাইছে বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ১০ই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে। প্রথম ডব্লিউআইপিএল পাঁচটি দলসহ ২২ ম্যাচের টুর্নামেন্ট হতে চলেছে। প্রতিটি দলে সর্বোচ্চ ছয়জন বিদেশী খেলোয়াড়সহ স্কোয়াডে মোট ১৮জন খেলোয়াড় থাকবে এবং প্রথম একাদশে মোট পাঁচজন বিদেশী খেলোয়াড়ের নাম থাকতে পারবে (চারজন পূর্ণ সদস্য দেশ থেকে এবং একজন সহযোগী দেশ থেকে)।

মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্বাধিকারের জন্য আবেদনপত্র প্রকাশ করেছে বিসিসিআই

প্রতিটি দল অন্য দলের বিরুদ্ধে দুবার খেলবে। ফলে গ্রুপ-পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে এবং পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দল ফাইনালের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দল এলিমিনেটরে মুখোমুখি হবে এবং সেই ম্যাচের জয়ী দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে লিগ পর্যায়ের শীর্ষস্থানীয় দলের মোকাবিলা করবে।

এর আগে শুক্রবার (ডিসেম্বর ৯), ২০২৩ থেকে ২০২৭-এর মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্বাধিকারের জন্য বিড আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। দরপত্রগুলি ৮ই জানুয়ারি নাগাদ খোলা হবে এবং দরপত্র বাছাই করার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে৷ সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি ই-নিলামের পরিবর্তে একটি বন্ধ বিডের মধ্য দিয়ে হবে৷ বিসিসিআই কোন বিভাগের জন্যই কোন ভিত্তিমূল্য নির্ধারণ করেনি। মিডিয়া অধিকারের জন্য তিনটি বিভাগ হবে টেলিভিশন, ডিজিটাল এবং উভয়ের সমন্বয়।

ইতিমধ্যে, বিসিসিআই আইপিএল ২০২৩-এর মিনি-নিলাম পরিচালনা করবে কোচিতে ২৩শে ডিসেম্বর। তবে পুরুষদের টুর্নামেন্টের তারিখগুলি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জানা গেছে যে বিদেশী খেলোয়াড়দের প্রাপ্যতার বিষয়ে নিশ্চিতকরণের জন্য বোর্ড অপেক্ষা করছে। তারা মে মাসের মাঝামাঝিতেই মরসুম শেষ করতে চাইছে কারণ ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পেলে দলকে ৭ই জুন ওভালে মাঠে নামতে হবে। তার আগে দলকে প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিতে চাইবে বোর্ড।

close whatsapp