“কেন সবাই তুলনা করছে?” – দীপ্তি শর্মা-চার্লি ডিন রান আউট প্রসঙ্গে মন্তব্য করলেন বেন স্টোকস

দুটি ঘটনাকে পাশাপাশি রাখার যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক

Ben Stokes
Ben Stokes. (Photo by Gareth Copley/Getty Images)

দীপ্তি শর্মা-চার্লি ডিন রান আউট এখন ক্রিকেট বিশ্বর সবচেয়ে বেশী আলোচিত বিষয়। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কে জড়িয়ে পড়েছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেট ব্যক্তিত্বরাও। প্রত্যক্ষভাবে ম্যাচের সঙ্গে জড়িত না থেকেও ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক বেন স্টোকস নিজেকে বিতর্কের মাঝে খুঁজে পেয়েছেন। ইংলিশ অলরাউন্ডার সোমবার, ২৬শে সেপ্টেম্বর, একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে জড়িত করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল ২৪শে সেপ্টেম্বর, শনিবার, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে, তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে পরাজিত করে ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচকে আরও স্মরণীয় করে তুলেছিল প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। ডিন রান আউট হতেই ভারত ম্যাচ জেতে যদিও সম্পূর্ণ বৈধ উপায়ে তাঁকে আউট করার পরেও আউটের ধরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্তহীন বিতর্ক সৃষ্টি হয়।

যদিও এমসিসি (মেরিলবোন ক্রিকেট ক্লাব) স্পষ্ট করেছে যে দীপ্তি শর্মার ক্রিয়াকলাপ খেলার আইনের মধ্যেই ছিল। বিতর্কিত রান আউটে বেশ কয়েকজন ক্রিকেটার ও বিশেষজ্ঞ তাঁদের হতাশা প্রকাশ করেছেন।

ভারতীয় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের দিকে ধেয়ে আসা সমালোচনার জবাব দিতে গিয়ে লর্ড’সেই আয়োজিত ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে  বেন স্টোকসের ব্যাটে লেগে অতিরিক্ত চার রান পাওয়ার নাটকীয় মুহূর্তর অনুষঙ্গ টেনে আনেন।

বেন স্টোকস টুইট করে দুটি ঘটনার তুলনা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন

স্টোকস টুইটারে অনুরাগীদের কাছে বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাট থেকে বল লেগে ছিটকে যাওয়া এবং দীপ্তি শর্মার রান আউটের মধ্যে তুলনা করার কারণ জিজ্ঞাসা করাছেন। তাঁর টুইটটিতে একটি জিএফ রয়েছে এবং তাতে লেখা ছিল, “কেন সবাই মাঁকড়ের সাথে আমার ব্যাট থেকে বিচ্যুত হওয়া একটি বলের তুলনা করছে?”

এর আগে, দীপ্তি শর্মা প্রকাশ করেছিলেন যে ডিন বারবার ক্রিজের বাইরে চলে যাওয়ার কারণে ভারতীয় দল তাঁকে আউট করার পরিকল্পনা করেছিল। তিনি আরও প্রকাশ করেছেন যে ডিনকে বেশ কয়েকবার সতর্ক করার পরেই আউট করা হয়েছিল।

“এটি আমাদের পরিকল্পনার একটি অংশ ছিল। আমরা আগেও এ বিষয়ে সতর্ক করেছিলাম, কিন্তু ডেলিভারির আগে সে ক্রিজ ছেড়ে চলে যায়। আমরা কেবল নিয়ম এবং নির্দেশিকা অনুসরণ করেছি। দল হিসেবে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। আমরা আম্পায়ারদের জানিয়েছিলাম যে সে তাড়াতাড়ি ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও, সে এটি করতেই থাকে এবং এটি সম্পর্কে আমাদের কিছুই করার ছিল না,” দীপ্তি ঘটনার বিষয়ে মন্তব্য করেছেন।

close whatsapp