“কোহলি ও উইলিয়ামসনের মতো বলের দিকে চোখ রাখো” – রান আউট বিতর্ক থামানোর সমাধান দিলেন ইয়ান বিশপ

দুই সেরা ব্যাটারের থেকে শিখতে বলেছেন প্রখ্যাত ধারাভাষ্যকার

Ian Bishop
Ian Bishop. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ সম্প্রতি লর্ড’সে ভারত মহিলা দল এবং ইংল্যান্ড মহিলা দলের মধ্যে তৃতীয় ওডিআইয়ের আলোচিত রান আউটের বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন৷ খেলাটি শেষের দিকে উত্তেজক জায়গায় চলে যায় যখন ইংল্যান্ডকে জেতার জন্য ১৭ রান করতে হত এবং ভারতের প্রয়োজন ছিল এক উইকেট। ইংল্যান্ডের শার্লট ডিন ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়ায় বোলার দীপ্তি শর্মা তাঁকে রান আউট করেন এবং সেখান থেকেই বিতর্কের শুরু।

তৃতীয় আম্পায়ার ঘটনাটি পর্যালোচনা করেন এবং ডিনকে রান আউট বলে ঘোষণা করা হয়, যা ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। খেলার নিয়ম অনুযায়ী নন স্ট্রাইকারের প্রান্তের ব্যাটার ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে বোলার তাঁকে রান আউট করতে পারেন, কিন্তু এক্ষেত্রে খেলার স্পিরিট নিয়ে প্রশ্ন ওঠে সাধারণত। এই বিষয়ে বিশপের পর্যবেক্ষণ, তরুণরা রানিং বিটুইন দ্য উইকেটের ব্যাপারে আধুনিক ক্রিকেটের দুই মহীরুহর কাছ থেকে শিখুক।

রানিং বিটুইন দ্য উইকেটস সম্পর্কে নিজের মত প্রকাশ করেছেন ইয়ান বিশপ

বিশপ বলেছেন যে ব্যাটারদের উচিত বোলারের উপর ফোকাস করা যতক্ষণ না সে বল ছেড়ে দিচ্ছে এবং বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের উদাহরণ উল্লেখ করেছেন, যাঁরা রানিং বিটুইন দ্য উইকেটের ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের সেরা দুই খেলোয়াড়। ৫৪ বছর বয়সী খ্যাতনামা ধারাভাষ্যকার মনে করেন তরুণদের রানিং বিটুইন দ্য উইকেটের দক্ষতা শিখতে হবে এবং যোগ করেছেন যে ব্যাটাররা যে অন্যায্য সুবিধা নিতে থাকে তা একটি অজুহাত মাত্র।

“খুবই সরল ব্যাপার। বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মতো বল ছাড়ার সময় পর্যন্ত চোখ বোলার ও বলের দিকে রাখো এবং এই তর্ক চলে যাবে। আসুন আমাদের ছোট বাচ্চাদের এই দুই দুর্দান্ত খেলোয়াড়ের মতো ব্যাক আপ করতে শেখায়,” বিশপ টুইট করেছেন।

“রানিং বিটুইন দ্য উইকেটস একটি দক্ষতা। ব্যাটাররা স্প্রিন্ট রেসের মতো দ্রুত শুরু করার জন্য বোলারের বল ছাড়ার অপেক্ষায় আছে বা তারা অসাবধান বা তারা একটি অন্যায্য সুবিধা অর্জনের চেষ্টা করছে, বা কেবলই অলস। যেভাবেই হোক না কেন এটা একটা অজুহাত,” তিনি যোগ করেছেন।

close whatsapp