“সূর্যকুমারের মতো দশজন খেলোয়াড় দেখতে চাই” – হৃষিকেশ কানিতকার
ভারতের বয়স-ভিত্তিক দলের সঙ্গে জড়িত কানিতকার মনে করেন তেমনটা সম্ভব নয়
আপডেট করা - Nov 27, 2022 3:52 pm

ভারতের প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটার এবং বর্তমানে ভারতের অনূর্ধ-১৯ দলের প্রধান কোচ হৃষিকেশ কানিতকার বিশ্বের বর্তমান এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে বিশ্বের অনেক ব্যাটারদের জন্য অনুপ্রেরণা হতে পারেন সূর্যকুমার। মুম্বাইয়ের ৩২ বছর বয়সী ব্যাটার বেশ কিছুদিন ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন।
সূর্যকুমার গত কয়েক মাসে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করেছেন এবং ২৭শে নভেম্বর, রবিবার, হ্যামিল্টনের সেডন পার্কে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২৫ বলে ৩৪* রানে ব্যাট করছিলেন তিনি। এই বছর সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। প্রথমটি এসেছিল জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এবং সাম্প্রতিকটি মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
সূর্যকুমার যাদব ব্যতিক্রম: হৃষিকেশ কানিতকার
“আমরা ভারতে সূর্যকুমারের মতো দশজন খেলোয়াড় দেখতে চাই। তবে আমি মনে করি না যে সেটা সম্ভব কারণ সে ব্যতিক্রম; সে যা করে তা খুব কম ব্যাটারই করতে পারবে। অপ্রচলিত হওয়ার জন্য এবং ব্যাটিং করার স্বাভাবিক কয়েকটি পন্থায় সীমাবদ্ধ না থাকার জন্য সে সারা বিশ্বের অনেক ব্যাটসম্যানের কাছে অনুপ্রেরণা হবে,” অ্যামাজন প্রাইম ভিডিও দ্বারা উদ্ধৃত হয়েছেন কানিতকার।
“আমরা তার কাছ থেকে যা দেখেছি তাতে বলা যায় সে এভাবেই অনুশীলন করে এবং অল্প বয়সেও তাই করত। টেনিস-বল ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছে সে। ওই ধরণের শটগুলি সে তৈরী করেছে এবং ধরে রেখেছে,” তিনি যোগ করেছেন।
নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচে ১২৪ রান করেছিলেন সূর্যকুমার। এর আগে, তিনি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে শেষ করেছিলেন এবং ছয় ম্যাচে তিনটি অর্ধশতকসহ ১৮৯.৬৮-এর অসামান্য স্ট্রাইক রেটে ২৩৯ রান সংগ্রহ করেছিলেন। মুম্বাই ক্রিকেটার ইতিমধ্যেই এই বছর ১০০০-এরও বেশী টি-টোয়েন্টি রান সংগ্রহ করেছেন এবং এখনও পর্যন্ত ৩১ ইনিংসে ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে এবং ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেছিলেন।
৩০শে নভেম্বর বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজ-নির্ধারক তৃতীয় ওয়ানডেতে ভারত ও নিউ জিল্যান্ড মুখোমুখি হলে তিনি আরও একটি তাৎপর্যপূর্ণ অবদান রাখার আশা করবেন।