ভারতের বাঁ-হাতি পেসারের প্রত্যাবর্তনে খুশি প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী

চোটের কারণে ২০২১-এর বেশীর ভাগ সময় খেলতে পারেননি এই পেসার

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

আইপিএল ২০২২ দুই ভারতীয় তারকার প্রত্যাবর্তনের মঞ্চ – হার্দিক পান্ডিয়া এবং টি নটরাজন। চোট থেকে ফিরে এসে আইপিএল ২০২২-এ দুজনেই নিজেদের ছাপ ফেলছেন। তবে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বেশী খুশি ‘ডেথ ওভার স্পেশালিস্ট ‘নটরাজনের জন্য। শাস্ত্রী মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ নটরাজনের না থাকা টিম ইন্ডিয়াকে ভুগিয়েছে।

“তার (নটরাজন) জন্য খুব খুশি। বিশ্বকাপে আমরা তাকে মিস করেছি।  সে ফিট থাকলে নিশ্চিত খেলত। আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার সময় সে চোট পায় এবং বিশ্বকাপে আমরা সত্যিই তাকে মিস করেছি,” রবি শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।  

খুব নিপুণভাবে সে ইয়র্কার করে, টি নটরাজন সম্পর্কে বলেছেন রবি শাস্ত্রী

২০২১ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অবদান রাখা টি নটরাজন হাঁটুতে চোট পেয়েছিলেন এবং আইপিএল ২০২২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ফিরে আসার আগে বছরের বেশিরভাগ সময় তাঁকে চোটের শুশ্রূষা করতে হয়েছে।

“সে স্পেশালিস্ট ডেথ বোলার, খুব নিপুণভাবে সে ইয়র্কার করে। তার দুর্দান্ত নিয়ন্ত্রণ আছে। সে প্রাণবন্ত। আপনি যা ভাবেন তার চেয়ে কিছুটা দ্রুত এবং বল ব্যাটে এসে সজোরে আঘাত করে,” রবি শাস্ত্রী বলেছেন।

৩১ বছর বয়সী নটরাজনকে এসআরএইচ ৪ কোটি টাকায় কিনেছিল, এবং ১২ মাস পরে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি চার ওভারের সম্পূর্ণ কোটায় ২৬ রান দিয়ে ২ উইকেট তুলেছিলেন। দল পরপর দুই ম্যাচ হারলেও তাঁর বোলিং প্রশংসিত হচ্ছে। 

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নটরাজনকে তাঁর আগের ফর্মে দেখা যাচ্ছে। তিনি সফলভাবে তাঁর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইয়র্কার ব্যবহার করছেন এবং লখনউ সুপার জায়ান্টস ব্যাটারদের ডেথ ওভারে দ্রুত গতিতে রান তুলতে দেননি। সেট হয়ে যাওয়া কেএল রাহুলকে আউট করার পাশাপাশি ক্রূণাল পান্ডিয়াকেও আউট করেন তিনি।

বাঁহাতি পেসার যখন অস্ট্রেলিয়ায় তাদের স্মরণীয় ২০২০-২১ সফরে ভারতের হয়ে তিনটি ফর্ম্যাটে অভিষেক করেছিলেন তখন শাস্ত্রী প্রধান কোচ ছিলেন। প্রাক্তন কোচ বলেছেন নটরাজন তাদের জন্য লাকি চার্ম। “তাকে বাছাই করা প্রতিটি ম্যাচেই আমরা জিতেছিলাম। টি-টোয়েন্টি অভিষেকে ভারত জিতেছে। টেস্ট ক্রিকেটে অভিষেকে ভারত জিতেছিল। একজন নেট বোলার থেকে, সে সব ফর্ম্যাটে জায়গা করে নিয়েছিল,” বলেছেন শাস্ত্রী।

এসআরএইচ ৯ই এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

close whatsapp