মরসুমের শুরুতে নবম, এখন শিরোপা জয় থেকে দুই ম্যাচ দূরে; রোহিত জানালেন প্রত্যাবর্তনের নেপথ্য কাহিনী
২৬শে মে গুজরাত টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স
আপডেট করা - May 25, 2023 12:32 pm

গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) তাদের ইতিহাসের ব্যর্থতম মরসুম কাটিয়েছিল এবং ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতে পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল। আইপিএল ২০২৩ অভিযানও বিশেষ সাফল্যর সঙ্গে শুরু করেনি তারা। তবে ফ্র্যাঞ্চাইজিটি ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অর্জন করে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল।
এখন, আইপিএল ২০২৩ এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাল জয়ের পরে তারা ষষ্ঠবারের জন্য ট্রফি তোলা থেকে মাত্র দুই ধাপ দূরে। এমআইয়ের অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন যে গত বছরেরর ফলাফল বিবেচনা করে তাঁর দল বুঝেছিল যে অনেক কাজ করতে হবে। দলের অগ্রগতি মসৃণ না হওয়া সত্ত্বেও এমআই এখন যে অবস্থানে রয়েছে তা দেখে তিনি খুশি।
আমরা মরসুমের শুরুতে জানতাম যে গত মরসুমের তুলনায় অনেক কাজ করতে হবে: রোহিত শর্মা
মরসুমের শুরুটা ভালো না হওয়ার পরেও প্লে-অফে পৌঁছতে পারার ব্যাপারে আশাবাদী ছিলেন কিনা জানতে যাওয়া হলে রোহিত বলেছেন, “আমি অবশ্যই এটি সম্পর্কে ভেবেছিলাম। বেশ কয়েক বছর ধরে আমরা এভাবেই খেলেছি। অনেকেই প্রত্যাশা করে না আমরা দারুণ কিছু করব, তবে বাধা অতিক্রম করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনোর রাস্তা বার করে নিই।”
“সত্যি বলতে, আমরা মরসুমের শুরুতে জানতাম যে গত মরসুমের তুলনায় অনেক কাজ করতে হবে। আমাদের পরিশ্রম করতে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে। এটি (মরসুম) মসৃণ ছিল না, কিন্তু আমার তাতে আপত্তি নেই,” রোহিত যোগ করেছেন।
স্কোয়াডে বেশ কিছু খেলোয়াড়ের চোটের সমস্যার মাঝে, ডান-হাতি পেসার আকাশ মাধওয়াল মুম্বাই ইন্ডিয়ান্সের মরসুমের সেরা আবিশগকার হিসেবে প্রমাণিত হয়েছেন। জাসপ্রিত বুমরাহ্ ও জোফ্রা আর্চারের অনুপস্থিতিতে দল তাঁর প্রতি যে বিশ্বাস রেখেছে তার ন্যায্যতা দিয়ে মাধওয়াল এলএসজির বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন।
“সে (আকাশ) একজন সাপোর্ট বোলার হিসাবে গত বছর দলের অংশ ছিল এবং একবার জোফ্রা (আর্চার) চলে যাওয়ার পরে আমি জানতাম যে আমাদের হয়ে সফল হওয়ার জন্য তার কাছে দক্ষতা এবং চরিত্র রয়েছে। কয়েক বছর ধরে, আমরা মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অনেক ছেলেকে উঠতে দেখেছি এবং ভারতের হয়ে খেলতে দেখেছি। আমার কাজ হল তাদের স্বাচ্ছন্দ্য দেওয়া। দলের জন্য তাদের কী করা দরকার সে সম্পর্কে তারা তাদের ভূমিকাতে খুব স্পষ্ট,” রোহিত বলেছেন।