দল হারতে থাকলেও অক্ষর প্যাটেলকে ব্যাটিং ক্রমে উপরের দিকে খেলাতে অনিচ্ছুক দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৩-এ ডিসির সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় অক্ষর প্যাটেল

Axar Patel
Axar Patel. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৬তম সংস্করণে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) প্রথম পাঁচ ম্যাচে হেরে অভিযান শুরু করেছিল। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি লিগে আটটি ম্যাচ খেলে দিল্লি মাত্র দুইবার জিততে পেরেছে এবং ছয়টিতে হেরেছে। এই মরসুমে বেশীর ভাগ ম্যাচে ব্যর্থতার সম্মুখীন হওয়া সত্ত্বেও, দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

ফেব্রুয়ারি-মার্চের বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্সের পরে অক্ষর চলমান আইপিএলেও ভালো ফর্মে রয়েছেন। বাঁ-হাতি স্পিনের মাধ্যমে সাত উইকেট নেওয়া ছাড়াও আট ম্যাচে ২১১ রান করেছেন ২৯ বছর বয়সী। তবে ব্যাটিং অর্ডারে তাঁর অবস্থান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এসেছিলেন। অক্ষরকে ব্যাট করার জন্য আরও ওভার দেওয়া উচিৎ বলে অনেকের অভিমত থাকলেও, আমরে বলেছিলেন যে দলের জন্য ফিনিশার হিসেবে অক্ষরকে প্রয়োজন।

“অক্ষরের খেলা শেষ করার ক্ষমতা আছে। ফিনিশারের ভূমিকা পালন করার জন্য আমাদের কাউকে দরকার। এই মরসুমে সে আমাদের জন্য সর্বাধিক ছক্কা মেরেছে। তাই আমাদের মাঝে মাঝে তাকে ধরে রাখতে হবে যাতে সে ফিনিশারের ভূমিকা পালন করতে পারে,” গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে এক সংবাদ সম্মেলনে আমরে বলেছেন।

গুজরাতের বিরুদ্ধে ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে: প্রবীণ আমরে

দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচের জন্য দলটি ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছে। টুর্নামেন্টের ৪৪তম ম্যাচটি হতে চলেছে ফর্মের দিক থেকে দুই ভিন্ন মেরুর দলের লড়াই। গুজরাত টাইটান্স টানা তিনটি ম্যাচে জেতার পরে আসন্ন ম্যাচে নামবে।

জিটির বিরুদ্ধে তাদের ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস তাদের কম্বিনেশনে কোনো পরিবর্তন করবে কিনা সেই প্রসঙ্গে আমরে বলেছেন, “গুজরাতের বিরুদ্ধে ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। কিন্তু আপনি কখনই জানেন না যে আইপিএলে কী হতে পারে। আমাদের বর্তমানে থাকতে হবে এবং আমাদের পরের ম্যাচে দুটি পয়েন্ট নেওয়ার দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের মিডল অর্ডারকে আরও ভালো ব্যাট করতে হবে এবং আমরা ডেথ ওভারে আমাদের ব্যাটিং আরও উন্নত করার চেষ্টা করব।”

close whatsapp