সঠিক টিম কম্বিনেশন খুঁজে পেয়েছে নাইট রাইডার্স, ম্যাচ শেষে জানালেন নীতিশ রানা
আপডেট করা - May 3, 2022 2:08 pm

টানা পাঁচ ম্যাচ পর জয়। খানিকটা স্বস্তি ফিরেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। যদিও প্লে অফে পৌঁছনোর কাজ এখনও অনেকটা বাকি। শেষ চারে তাদের জায়গা করে নিতে হলে পরপর চার ম্যাচই জিততে হবে কলকাতার নাইটদের। তার আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়টা যে কেকেআর তারকাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। একইসঙ্গে এই ম্যাচ থেকেই কেকেআরও বোধহয় তাদের টিম কম্বিনেশনটাও খুঁজে পেয়ে গিয়েছে। অন্তত ম্যাচ শেষে নীতিশ রানার কথার ইঙ্গিত তো তেমনই।
কলকাতা নাইট রাইডার্সের একের পর এক হার দেখার পর থেকেই প্রাক্তন, বিশেষজ্ঞরা তাদের টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অনেকের মতেই নাইট রাইডার্স নাকি এবারের আইপিএলে কোন দল খেলানো উচিত্, তাই ঠিক করে উঠতে পারছিল না। অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বেশকিছু পরিবর্তন করে দল নামিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। আর তাতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাফল্যের মুখ দেখেছে নাইট রাইডার্স।
যদিও নাইট রাইডার্স এখনও তাদের ব্যাটিং নিয়ে হয়ত পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি কিন্তু রাজস্থানের বিরুদ্ধে নীতিশ, রিঙ্কুদের পারফরম্যান্স স্বস্তির আবহ তাদের শিবিরে তৈরি করেছে ঠিকই। আর ম্যাচ শেষে নীতিশ রানার মুখেও টিম কম্বিনেশন নিয়ে কথা শোনা গেল। তাঁর মতেও এতদিন পর নাকি তারাও আসল টিম কম্বিনেষন খুঁজে পেয়েছে।
রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স
ম্যাচ শেষে নীতিশ রানা জানিয়েছেন, “আমার মনে হয় এবার আমরা টিম কম্বিনেশন খুঁজে পেয়েছি। এমন একটা ম্যাচ কোনও বড় তারকার সাহায্য ছাড়াই যখন জিততে পেরেছি, তার মানে এটাই একটা সেট দল। ২০১৮ সাল থেকেই রিঙ্কু আমাদের দলের সদস্য। আইপিএলের মঞ্চে যেমনভাবে তিনি পারফরম্যান্স করেছেন, তাতে আমাদের ব্যাটিং এখন অনেকটাই স্টেবল”।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের শুরু থেকেই নাইট বোলাররা দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন। পাঁচ উইকেটের বেশী তুলতে হয়ত তারা পারেননি ঠিকই, কিন্তু তাদের হিসাবী বোলিং রাজস্থান ব্যাটারদের বড় রানও করতে দেয়নি। ১৫৩ রানেই থামতে হয়েছিল রাজস্থানের রয়্যালস বাহিনীকে।
যদিও ব্যাটিং করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি নাইট রাইডার্স। কিন্তু নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের ব্যাটিং পার্টনারশিপের সৌজন্যেই ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। ৭ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল নাইট রাইডার্স। আর এমন জয় দেখার পর সকলেই আপ্লুত। নাইট শিবিরেও স্বস্তির আবহ লক্ষ্য করা যাচ্ছে। তবে সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচ জিতে প্লে অফের রাস্তা তারা খুলতে পারে কিনা, সেটাই এখন দেখার।