“মহিলা ক্রিকেটারদের জন্য আইপিএলের মতো একটি লিগ করতে চাই” – বিসিসিআই সচিব জয় শাহ

ভারতীয় মহিলা ক্রিকেটাররা অনেক দিন ধরেই তাদের নিজস্ব একটি টি-টোয়েন্টি লিগের দাবিতে সোচ্চার

Women’s T20 Challenge
Women’s T20 Challenge. (Photo Source: Twitter)

ভারতীয় মহিলা ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু উল্লেখযোগ্য পারফর্ম্যান্স দেখিয়েছে। ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ২০২০ টি-২০ বিশ্বকাপেরও ফাইনালিস্ট ভারতীয় মহিলা দল। ভারতের মহিলা দলের দিকে ক্রিকেটপ্রেমীদের ফোকাস আসার পর থেকেই মহিলাদের জন্য আইপিএলের মতো একটি লিগ চালু করার দাবি উঠছে। এতোদিন বিসিসিআইয়ের দিক থেকে এই নিয়ে কোন হেলদোল না থাকলেও এখন মনে হচ্ছে পরিস্থিতি বদলাবে।

এই বছর অস্ট্রেলিয়ায় মহিলাদের বিগ ব্যাশ লিগে মোট আটজন ভারতীয় খেলোয়াড় অংশ নিয়েছিলেন। হরমনপ্রীত কউর টুর্নামেন্টে ৩৯৯ রান এবং ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতেছেন। 

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড-এর উদ্বোধনী সংস্করণে শাফালি ভার্মা, হরমনপ্রীত, জেমাইমা রড্রিগস, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা অংশ নিয়েছিলেন। রদ্রিগেস টুর্নামেন্ট সমাপ্ত করেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে। তিনি সাত ম্যাচে ৪১.৫০ গড়ে এবং ১৫০.৯০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেছিলেন। দীপ্তি বল হাতে আট ম্যাচে ১৩.৬ গড়ে, ৫.২৬-এর ইকোনমি রেট ও ১৫.৫ স্ট্রাইক রেটে দশটি উইকেট নিয়েছিলেন।   

আইপিএলের মতো একটি লিগ চালু করার আগে কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত বলেছেন জয় শাহ

ডব্লিউবিবিএল এবং দ্য হান্ড্রেডের মতো বিদেশী লিগে ভারতীয় খেলোয়াড়রা যেভাবে খেলেছে তার প্রশংসা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি আরও উল্লেখ করেছেন যে মান্ধানা, হরমনপ্রীতের মতো খেলোয়াড়রা ভারতে মহিলাদের টি-টোয়েন্টি লিগ করা নিয়ে বরাবর খুব সোচ্চার এবং সেই নিয়ে বোর্ডের পক্ষ থেকেও ভাবনাচিন্তা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে, বিসিসিআই সেক্রেটারি নিশ্চিত করেছেন যে বোর্ড অদূর ভবিষ্যতে মহিলা খেলোয়াড়দের জন্য আইপিএলের মতো একটি অনুরূপ লিগ আয়োজনের জন্য পরিকল্পনা করছে। তিনি বলেছেন, “মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং এটি একটি উৎসাহজনক লক্ষণ। আমরা সকলেই আমাদের মহিলা ক্রিকেটারদের জন্য আইপিএলের মতো একটি লিগ করতে চাই।” 

মহিলাদের টি-টোয়েন্টি লিগ করার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেছেন, “তবে কেবল তিন বা চারটি দলকে একত্রিত করে মহিলাদের আইপিএল লিগ চালু করার ঘোষণা করে দিলেই হবে না। একটি নির্দিষ্ট সময়কাল, আন্তর্জাতিক তারকাদের পাওয়া এবং সদস্য বোর্ডের দ্বিপাক্ষিক প্রতিশ্রুতির মতো অনেকগুলি বিষয় রয়েছে যেসব নিয়ে কাজ করতে হবে। আমরা আমাদের সমস্ত বিকল্পগুলি ভেবে দেখব এবং ভবিষ্যতে আমাদের মহিলা খেলোয়াড়দের জন্য একটি অনুরূপ লিগ আয়োজনের জন্য কাজ করব।” 

“স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কউরের মতো খেলোয়াড়রা ভারতের নিজস্ব টি-টোয়েন্টি লিগ নিয়ে এবং ভারতে খেলার মান পরিবর্তন করতে সহায়তা করার বিষয়ে অনেক দিন ধরেই সোচ্চার,” তিনি আরও বলেছেন। 

“আইপিএলের মতো একটি লিগ হওয়া অবশ্যই আমাদের ক্রিকেটারদের উপকার করবে কারণ তাঁরা আন্তর্জাতিক তারকাদের সাথে খেলতে পারবেন। স্মৃতি এবং হরমনপ্রীত ছাড়া অন্যান্য ভারতীয় দলের মহিলা ক্রিকেটাররাও দ্য হান্ড্রেড এবং ডব্লিউবিবিএল-এর মতো লিগে ভালো করেছে। দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগস, শাফালি ভার্মা, পুনম যাদব সকলেই ভারতের জনপ্রিয় খেলোয়াড় এবং রোল মডেল। বিদেশের লিগে তাঁরা খেলায় তাদের আত্মবিশ্বাস বাড়বে,” তিনি যোগ করেছেন।  

close whatsapp