‘টপ অর্ডারের থেকে পারফর্ম্যান্স পাইনি’ – ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কোহলিদের বার্তা দিলেন কোচ বাঙ্গার
মিডল অর্ডারে শাহবাজ, কার্তিকের ব্যাটিংয়ে খুশি বাঙ্গার
আপডেট করা - Apr 16, 2022 6:28 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার দলের টপ অর্ডারের থেকে আরও ধারাবাহিকতা দেখতে চান। সম্প্রতি দক্ষিণ ভারতীয় ডার্বিতে চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর আরসিবি আবার ঘুরে দাঁড়ানোর জন্য শনিবার রাতে ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে। সেই ম্যাচের আগে বাঙ্গার বলেছেন হার থেকে প্রত্যাবর্তনের জন্য দলের যথেষ্ট “সামর্থ্য এবং ক্ষমতা” আছে।
তিনটি জয় ধারাবাহিকভাবে পাওয়ার পরে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন আরসিবি সিএসকের বিরুদ্ধে একটি ধাক্কা খেয়েছে, এবং ২৩ রানে হেরেছে। বোলাররা ব্যর্থ হলেও ব্যাটারদের মধ্যে দীনেশ কার্তিক (৩৪), শাহবাজ আহমেদ (৪১) এবং সুযশ প্রভুদেসাই (৩৪) দরকারী ইনিংস খেলেছিলেন।
ধারাবাহিক হওয়া নিয়ে এবং উন্নতির ক্ষেত্র প্রসঙ্গে বাঙ্গার বলেছেন, “অবশ্যই আমাদের উন্নতির অনেক ক্ষেত্র রয়েছে; আমরা এখনও টপ অর্ডারের সবার থেকে স্বতন্ত্র পারফর্ম্যান্স পাইনি, যদিও আমাদের টপ অর্ডারের ক্ষমতা কী আমরা জানি, তাই আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে তারা ভালো করবে। এবং এর সাথে যেভাবে লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার চাপের পরিস্থিতি থেকে ফিরে এসেছে তা আমাকে মুগ্ধ করেছে। তারা দুর্দান্ত চরিত্র দেখিয়েছে, এটি এমন কিছু যা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।”
বাঙ্গার সিএসকের জয়ের জন্য শিবম দুবে এবং রবিন উথাপ্পাকে কৃতিত্ব দিয়ে বলেছেন যে ওই ম্যাচে তাঁর দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি। “আমরা ওই ম্যাচে ১১ থেকে ২০ ওভারের মধ্যে যতটা ভাল বোলিং করতে পারতাম, ততটা পারিনি। শিবম দুবে এবং রবিন উথাপ্পা যেভাবে খেলেছে তা আশ্চর্যজনক। তার জন্য আপনাকে কৃতিত্ব দিতেই হবে,” বাঙ্গার বলেছেন।
ভালো বোলিং পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী: সঞ্জয় বাঙ্গার
“আ্মাদের পরিকল্পনা কার্যকর করাতে খামতি ছিল। তবে আমরা দ্রুত ৪ উইকেট হারানোর পর যেভাবে সুযশ (প্রভুদেসাই), শাহবাজ (আহমেদ) এবং তারপর ডিকে (দীনেশ কার্তিক) এসে খেলেছিল, সেটি একটি ভাল লক্ষণ। আমরা সত্যিই শেষ পর্যন্ত অনেক লড়াই দেখিয়েছি,” তিনি যোগ করেছেন।
তিনি বলেছেন যে আরসিবির কোচিং গ্রুপ বোলারদের সাথে কথা বলেছে এবং রান সীমিত করার উপায় ভাবা হচ্ছে। “আমরা অবশ্যই দেখেছি যে তারা (বোলাররা) কোথায় বল করেছিল (সিএসকে-র বিপক্ষে)। সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমরা একটি কোচিং গ্রুপ হিসাবে খেলোয়াড়দের সাথে কথা বলেছি এবং আমরা এমন কিছু জায়গা বেছে নিয়েছি যেখানে আমরা একটি বোলিং গ্রুপ হিসাবে উন্নতি করতে পারি। আমরা অবশ্যই পরের ম্যাচে আরও ভালো বোলিং পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।”
বাঙ্গার শেষে বলেছেন, “যদি আমরা আমাদের প্রক্রিয়াগুলি সঠিকভাবে করি, তাহলে ফলাফল ঠিক হবে। আমাদের মূল ফোকাস হচ্ছে কীভাবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি।”
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা কতটা ভুল শুধরে নিতে পারে সেটি দেখার অপেক্ষায় থাকবে তাদের সমর্থকরা।