আইপিএলে এমএস ধোনির ভবিষ্যত নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান

MS Dhoni
MS Dhoni. ( Image Source: jio cinema )

২০শে মে, শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৭ তম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই ম্যাচটি সিএসকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসিকে হারাতে পারলে তাদের প্লেঅফসে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

এই মরসুমে আমরা এমএস ধোনিকে বেশ ভালো ছন্দের সাথে খেলতে দেখেছি। তার ব্যাট থেকে বেশ কয়েকটি বড় বড় ছয়ও এসেছে। তবে এরপরে তিনি আর আইপিএল খেলবেন কিনা সেটা নিয়ে এই মরসুম শুরু হওয়ার আগে থেকেই অনেক জল্পনা সৃষ্টি হয়েছিল। তবে এমএস ধোনি নিজের মুখে এখনও পর্যন্ত অবসর নেওয়ার ব্যাপারে কিছু বলেননি।

সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এমএস ধোনির অবসর নেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি চালু হওয়ায় এমএস ধোনি আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারেন। তার মতে ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে।

ইএসপিএনক্রিকইনফোতে ইউসুফ পাঠান বলেন, “আমার মতে, নতুন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ধোনি আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারেন। অবসরের বিষয়ে তিনি কিছুই বলেননি, অন্যরা এটা নিয়ে কথা বলছেন। তার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। হাঁটুতে ব্যথা থাকা সত্ত্বেও আইপিএলে বড় ছক্কা মেরেছেন তিনি। সুতরাং, এটি খেলাধুলার প্রতি তার প্রতিশ্রুতি দেখায়।”

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচটিতে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস

দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই আইপিএলের ১৬ তম সংস্করণের প্লেঅফস থেকে ছিটকে গেছে। কিন্তু তারা অবশ্যই পয়েন্ট তালিকায় যতটা সম্ভব উপরের দিকে শেষ করতে চাইবে। তারা এই মরসুমে প্ৰথম পাঁচটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু তারপরের ৮টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে তারা জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংস যদি ডিসির কাছে পরাজিত হয় তাহলে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তাদের বাকি ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে।

এই মরসুমে ডিসির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ২৭ রানে জয় পেয়েছিল সিএসকে। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করেছিল এমএস ধোনির দল। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করতে সক্ষম হয়েছিল ডিসি। এই ম্যাচে আগের ম্যাচটির প্রতিশোধ তারা নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp