শুধুমাত্র স্পিনারদের উপরেই ফোকাস রাখা নিয়ে বাংলাদেশকে বিদ্ধ করলেন ওয়াসিম আক্রাম
টার্নিং পিচ না বানিয়ে পেসার ও ব্যাটার তুলে আনার দিকে নজর দেওয়ার কথা বললেন
আপডেট করা - Nov 2, 2021 8:35 pm

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ বাংলাদেশের দুর্দশাগ্রস্ত পারফরম্যান্সের পরে স্বাভাবিকভাবেই সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ঘরের মাঠে স্লো টার্নিং পিচে খেলে অভ্যস্ত বাংলাদেশি ক্রিকেটাররা বাইরের দেশে খেলতে গিয়ে বারংবার ব্যর্থ হওয়ায় প্রশ্নের মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিনিং পিচ প্রস্তুতির স্ট্র্যাটেজিও। এবার বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে উন্নতির পরামর্শ দেওয়ার পাশাপাশি ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আক্রাম।
ভালো ফাস্ট বোলার তৈরি করতে হবে – ওয়াসিম আক্রাম
পাকিস্তানি একটি টিভি চ্যানেলে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেটের তুমুল সমালোচনা করেছেন আক্রাম। বাংলাদেশে ভালো ফাস্ট বোলারের অভাবের কথা তুলে ধরেন তিনি। কেন বাংলাদেশি উঠতি ক্রিকেটাররা স্পিনার হওয়ার দিকেই আগ্রহ দেখায় তা নিয়েও মন্তব্য করেছেন তিনি। সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও পরিবর্তনের মাধ্যমেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করছেন এই পাকিস্তানি কিংবদন্তি।
ওয়াসিমের মতে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো ফাস্ট বোলার তৈরি করতে হবে। ভালো ব্যাটার তৈরি করতে হবে। আপনি সবসময় সব জায়গায় টার্নিং উইকেট পাবেন না, যেখানে স্পিনারদেরই খেলিয়ে যাবেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের প্রাধান্য দেওয়া হয়। সেখানে স্পিনাররা সুবিধা পায়, তাহলে এই সুবিধা ছেড়ে একটা ছেলে কেনই বা পেসার হতে চাইবে। এসব বিষয়ে পরিবর্তন করতে হবে। তবেই উন্নতি আসবে।”
বাংলাদেশের জাতীয় জনমানসে কয়েক দশক আগে ফুটবলে প্রাধান্য থাকলেও বর্তমানে ক্রিকেট অগ্রাধিকার পাচ্ছে, এমনটাই মনে করেন বাঁ-হাতি সুইং বোলার।
তিনি আরও বলেন, “আমি নব্বইয়ের দশকে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে খেলতে গেছিলাম। তখন আমি ঢাকার আশেপাশে বেশ কিছু জায়গা ঘুরেছিলাম, দেখেছিলাম তখন রাস্তার পাশের মাঠগুলোতে সবাই ফুটবল খেলছিল। কিন্তু ২০১১ সালে যখন আবার আমি বাংলাদেশে গেলাম, তখন পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। তখন দেখলাম সবাই ক্রিকেট খেলায় মেতেছে। এখন বাংলাদেশ ক্রিকেট-পাগল একটি দেশ। তাই তাদের পরিকাঠামোও সেভাবে উন্নতি করা উচিত।”
বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলার সময় তিনি বেশ তাচ্ছিল্যই করলেন। এর আগেও লিটন দাসের ব্যাটিং নিয়ে মন্তব্য করেছিলেন ওয়াসিম। আবারও লিটনকে নিয়ে কথা বলেন তিনি।
আক্রাম শেষ করেছেন, “ভালো ভালো খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। তারা হয়ত লিটন দাসকে খুব ভালো খেলোয়াড় বলেন। কিন্তু আমি গত কয়েক বছর ধরেই লিটনের ব্যাটিং দেখছি, কখনোই তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখলাম না।”