সেমিফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন জেসন রয়

পরিবর্ত হিসেবে এলেন জেমস ভিন্স

Jason Roy
Jason Roy. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ইংল্যান্ড নিশ্চিত করেছে যে তারকা ওপেনার জেসন রয় কাফ মাসলের চোটে ভোগার ফলে পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেছেন। টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের পর জেমস ভিন্সকে বিশ্বকাপের বাকি অংশের জন্য রয়ের পরিবর্ত হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের সুপার ১২ ম্যাচে ব্যাটিং করার সময় রয় চোট পেয়ে মাঠ ছাড়ার পরে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান খুব খারাপ  কিছুর আশঙ্কাই করেছিলেন এবং তাঁর সেই আশঙ্কা সত্যি করে দিয়ে ওপেনার এখন টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছেন। ইংল্যান্ডের হয়ে ১২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন জেমস ভিন্স। ওয়ানডে তাঁর একটি সেঞ্চুরিও আছে। ভ্রমণকারী রিজার্ভ হিসাবে ইংল্যান্ড স্কোয়াডের সাথে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে আছেন তিনি।

এই অভিযানে এই নিয়ে দ্বিতীয়বার চোটের কারণে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। গত সপ্তাহে ফাস্ট বোলার টাইমাল মিলস উরুর চোটের কারণে টূর্নামেন্ট থেকে বেরিয়ে যান। মিলসের স্থানে দলে ঢোকানো হয় রিস টপলেকে। বিধ্বংসী ওপেনার রয়ের এই ফরম্যাটে ২৫.৩০ গড় এবং ১৪৪.৯৩ স্ট্রাইক রেট। রয়ের মতো একজন ব্যাটারকে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান নিঃসন্দেহে মিস করবেন।

দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ডের হারের পর মর্গ্যান বলেছিলেন, “রয় খুবই গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন ক্রিকেটার যিনি চেঞ্জিং রুমে থাকলে দলের অন্দরের পরিবেশ বদলে যায় এবং আমরা যেভাবে খেলি তার সাথে রয়ের খেলার সম্পূর্ণ মিল আছে। আপনারা দেখতেই পারেন যে অর্ডারের শীর্ষে রয় কতটা দাপুটে।”

কে ওপেন করবেন জস বাটলারের সাথে? 

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলারের ওপেনিং পার্টনার বাছার আগে বড় সিদ্ধান্ত নিতে হবে ইংল্যান্ডকে। জেমস ভিন্স স্বভাবতই একজন টপ অর্ডার ব্যাটার এবং যদি তারা বাকি ব্যাটিং লাইন আপ বদলাতে না চান তাহলে তাঁকে ওপেনিংয়েই খেলানো যেতে পারে। আরেকটি বিকল্প হল জনি বেয়ারস্টো বা লিয়াম লিভিংস্টোনকে উপরে নিয়ে যাওয়া এবং মিডল অর্ডারে স্যাম বিলিংসকে ব্যাটিং করতে পাঠানো।

এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশে কোনো পরিবর্তন নাও হতে পারে। তাদের সাম্প্রতিক চোট সমস্যা সত্ত্বেও, ইংল্যান্ড তাদের সুপার ১২ গ্রুপের শীর্ষে শেষ করেছে এবং বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।

close whatsapp