ভাল খেলার পুরস্কার, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ভারতীয় দলে ভেঙ্কটেশ আইয়ার
আপডেট করা - Nov 9, 2021 8:51 pm

আইপিএল ২০২১-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে চমকপ্রদ পারফরম্যান্স করে খবরে এসেছিলেন পেসার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ওপেনে নেমে একা হাতেই অপ্রত্যাশিত কায়দায় কেকেআর-কে জেতাচ্ছিলেন একের পর এক ম্যাচ। বল হাতেও দারুণ কাজে এসেছিলেন। গত কয়েকটা মাস বাইশ গজের দুনিয়ায় একেবারে স্বপ্নের মত উত্থান হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্ত বাঁ হাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশকে অনেকেই হার্দিক পান্ডিয়ার চেয়ে বেশি কার্যকরী অলরাউন্ডার বলছিলেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও মধ্যপ্রদেশের হয়েও দারুণ খেলছেন। নিজের প্রতিভা প্রমাণ করে শেষ অবধি ভারতীয় দলে জায়গা করে নিলেন ভেঙ্কটেশ আইয়ার। নেট বোলার হিসেবে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। তবে এবার ১৭ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে স্কোয়াডে সুযোগ কেকেআরএ-র বাঁ হাতি এই ওপেনার। ভেঙ্কটেশ আইয়ারের পাশাপাশি ভারতীয় দলে জায়গা পেলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অবিশ্বাস্য সব ইনিংস খেলা ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়। আইপিএল ২-২১-এ সর্বোচ্চ রানসংগ্রহ করে কমলা টুপি জিতেছিলেন ২৪ বছরের ঋতুরাজ। সৈয়দ মুস্তাক আলি টি২০-তেও দারুণ খেলছেন ঋতুরাজ। আবার আইপিএল ২০২১-এ সর্বোচ্চ উইকেটশিকার করে বেগুনি টুপি জেতা আরসিবি-র হর্ষল প্যাটেলও দেশের টি-২০ স্কোয়াডে জায়গা পেলেন। দিল্লি ক্যাপিটালসের পেসার আবেশ খানও দেশের টি২০ দলে জায়গা পেলেন। বুমরা, শামিদের বিশ্রাম দিয়ে হর্ষল, আবেশদের সুযোগ দেওয়া হল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নির্বাচিত টি-২০ স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ।
সিরিজ শুরু হচ্ছে ১৭ই নভেম্বর। ভারত তিনটি আন্তর্জাতিক টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে জয়পুর (১৭ই নভেম্বর), রাঁচি (১৯শে নভেম্বর) ও কলকাতায় (২১শে নভেম্বর)। এছাড়া দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও আয়োজিত হবে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। টেস্ট দুটি হবে যথাক্রমে কানপুর (২৫-২৯ নভেম্বর) ও মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)।