হাতের চোটের জন্য ওয়াশিংটন সুন্দরকে পরের দুই ম্যাচে পাবেনা সানরাইজার্স হায়দরাবাদ
আপডেট করা - Apr 12, 2022 7:06 pm

সদ্য দু ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারইমাঝে দুঃসংবাদ কেন উইলিয়ামসনদের শিবিরে। আসন্ন দুই ম্যাচে হাতের চোটের জন্য খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। আর তাতেই যেন চিন্তা বাড়ছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের। হবে নাই বা কেন, এবারের আইপিএলে ওয়াশিংটন সুন্দরই তো তাদের একমাত্র স্পেশ্যানিস্ট স্পিনার। আর সামনেই তারা খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের মতো দলের বিরুদ্ধে। সেই দুই ম্যাচে যে ওয়াশিংটনকে পাওয়া, যাবে না তা কার্যত টম মুডির কথাতেই স্পষ্ট।
এবারের আইপিএলে শুরুটা ভাল করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। যদিও রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়িয়েছেন কেন উইলিয়ামসনরা। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই ম্যাচেই হাতের আঙুলে বড়সড় চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। সেই চোটের জন্য নিজের চার ওভার সম্পূর্ণও করতে পারেননি তিনি। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। আর সেইসঙ্গেই চিন্তাও বাড়তে শুরু করেছিল হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের।
এই মুহূ্র্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম উঠতি তারকার নাম ওয়াশিংটন। তিনি বল হাতে যেমন সাবলীল, তেমনই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতেও যথেষ্ট স্বচ্ছন্দ। আর সেই সমস্ত কিছু বিচার করেই এবার ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসা রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। যদিও শেষম্যাচে তিনি উইকেট পাননি ঠিকই, পাওয়ার প্লে-তে কম রান দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি।
হাতের চোটের জন্য কেকেআর ও পঞ্জাবের বিরুদ্ধে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর
সেই ক্রিকেটারের চোট হওয়াতেই উদ্বেগের সুর সানরাইজার্স হায়দরাবাদ কোচ টম মুডির গলাতে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ওয়াশিংটন তাঁর ডানহাতে চোট পেয়েছেন। দুই আঙুলের মাঝেই চোট লেগেছে তাঁর। আন্তত দুই থেকে তিনদিন তিনি আমাদের পর্যবেক্ষণে থাকবেন। আশাকরি এটা খুব একটা বড়সড় ধাক্কা আমাদের জন্য হবে না। আশা করছি তাঁর সেরে উঠতে এক সপ্তাহের মতোই সময় লাগবে, কিংবা তার মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে”।
এবারের আইপিএলে প্রথম ম্যাচে ৪৭ রান দিয়ে একটিও উইকেট ওয়াশিংটন সুন্দর পাননি ঠিকই। কিন্তু এরপর থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছন তিনি। এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১১ ওভার করেছেন এই দক্ষিণি বোলার। সেখানেই ওয়াশিংটনের ঝুলিতে রয়েছে ৪টি উইকেট। আর সেই তরুণ ক্রিকেটারের চোট পাওয়া তো চিন্তার কারণ হবে তা বলাই বাহুল্য।
চোটের জন্য গত আইপিএলেও দ্বিতীয় পর্বে খেলতে পারেননি ওয়াশিংটন সুন্দর
ওয়াশিংটন সুন্দর অবশ্য বরাবরই একট চোট প্রবন ক্রিকেটার। এর আগেও চোটের জন্য বহু প্রতিযোগিতার মাঝপথ থেকে ছিটকে যেতে দেখা গিয়েছে এই তরুণ ক্রিকেটারকে। চোট এবং অসুস্থতার জন্য গত কয়েকমাসে ভারতীয় দলের হয়েও খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। শুধু তাই নয় গত মরসুমে এই চোটের কারণেই আইপিএলের দ্বিতীয় পর্ব থেকেও ছিটকে গিয়েছিলেন ওাশিংটন সুন্দর।
এবার আইপিএল শুরু হতেই চোট পেয়েছেন তিনি। যদিও সেই চোট বড়স়ড় আকার ধারণ করবে না বলেই মনে করছে সানরাইজার্স হায়দরাবাদ। দু ম্যাচ পরই ওয়াশিংটন দলে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।