এখান থেকে লক্ষ্য প্রথম দুইয়ে থাকা: আরসিবি ডিরেক্টর মাইক হেসন
হেসন জানালেন সানরাইজার্সের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়ে সতর্ক আরসিবি
আপডেট করা - Apr 23, 2022 4:30 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) অধিনায়ক কেন উইলিয়ামসনের “পদ্ধতিগত উপায়” সম্পর্কে অবগত, এবং তিনি বলেছেন যে নিউজিল্যান্ডার তাঁর দলের সেরাটা বের করতে সক্ষম হয়েছেন। আরসিবি শনিবার ব্রাবোর্ন স্টেডিয়ামে এসআরএইচ-এর বিরুদ্ধে নামবে এবং এসআরএইচ টানা চারটি ম্যাচ জিতে থাকায় আরসিবি বেশ সমীহ করছে তাদের।
উইলিয়ামসন আরসিবি-র বিরুদ্ধে কী কৌশল অবলম্বন করতে পারেন তা জানতে চাইলে হেসন বলেন, “প্রস্তুতির দিক দিয়ে কেন বেশ পদ্ধতিগত। তিনি খুব পেশাদার। প্রথম দুটি ম্যাচ হেরে কঠিন শুরুর পর তিনি ভালোমতোই সেই দলটিকে একত্রিত করেছেন। তাদের গভীরতা না থাকার বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু বাস্তবে তারা সেই জায়গা থেকে অনেক দূরে। কেন দলের সিম বোলিং আক্রমণের থেকে সেরাটা বের করে এনেছে।”
আইপিএল ২০২২-এর লিগ পর্বের অর্ধেক শেষ। আরসিবি পাঁচটি জয় নিয়ে উপরের অন্য দুটি দলের সাথে দশ পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রান রেটের বিচারে তৃতীয় স্থানে রয়েছে। মরসুমের দ্বিতীয়ার্ধের প্রথম ম্যাচেই এসআরএইচ চ্যালেঞ্জ। তার আগে হেসন মনে করেন যে এই মুহূর্তে আরসিবির লক্ষ্য হওয়া উচিত শীর্ষ-দুই স্থা্নে জায়গা করে নেওয়া।
উইলিয়ামসনের উইকেট আমাদের জন্য বিশাল প্রাপ্তি হবে, মন্তব্য মাইক হেসনের
“আপনি শীর্ষ দুটি স্থানগুলির মধ্যে একটির জন্য বাকিদের উপর চাপ দিতে চান, এবং এটি এমন কিছু যা আমরা করার চেষ্টা করছি – প্রতিটি খেলায় আরও ভালো হতে হবে, এবং যদি আমরা তা করি তবে আমরা নিজেদেরকে একটি সুযোগ দেব,” বলেছেন হেসন।
ব্র্যাবোর্নের সন্ধ্যায় প্রতিপক্ষের কম্বিনেশন সম্পর্কে তাঁর ধারণা জানতে চাওয়া হলে, হেসন বলেন, “এটি একটি বৈচিত্র্যময় দল — বাঁ-হাতি, ডান-হাতি, দুই রকমই আছে, প্রচুর গতিশীল পেসার রয়েছে, এবং যদি ওয়াশিংটন সুন্দর ফিরে আসে, তবে আরও কিছু অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি স্পিন বোলিং ভালো। ওরা ভালো বোলিং আক্রমণ। ব্যাট হাতে, কেন বেশীর ভাগ দায়িত্ব বহন করে, এবং তার উইকেট আমাদের জন্য বিশাল প্রাপ্তি হবে।”
আরসিবি তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ভালো ছন্দে আছে। তবে বিরাট কোহলির ফর্ম নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়াবে। তরুণ শাহবাজ আহমেদ প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অন্যদিকে, সানরাইজার্সের উমরান মালিক সম্প্রতি আগুনে স্পেলে পাঞ্জাব কিংসের ব্যাটারদের ধ্বসিয়ে দিয়েছিলেন।