এখনও কোভিডমুক্ত হননি, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা
বায়ো-বাবল প্রোটোকলের কারণে তাঁর পরিবর্ত ঘোষিত হওয়ার সম্ভাবনা কম
আপডেট করা - Feb 23, 2022 12:33 pm

শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই মাসের শুরুতে তাঁর দলের অস্ট্রেলিয়া সফরের সময় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এখনও কোভিড -১৯ থেকে সেরে উঠতে পারেননি। আসন্ন ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সেই সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন হাসারাঙ্গা। তাঁর সর্বশেষ আরটি-পিসিআর পরীক্ষার পরে ফলাফল পজিটিভ এসেছে।
শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরে মোট তিনজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। হাসারাঙ্গা ছাড়া বাকি দুই সদস্য ছিলেন কুসল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো। পাঁচ ম্যাচের সিরিজটি শ্রীলঙ্কা ১-৪ ব্যবধানে হেরেছিল। হাসারাঙ্গা ওই সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন। দুটি ম্যাচে তাঁর পরিসংখ্যান ৩/৩৮ এবং ২/৩৩।
হাসারাঙ্গা ছাড়া আরও বেশ কিছু ক্রিকেটারকে বিভিন্ন কারণে পাবে না শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে এবং তারপরে দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টি-টোয়েন্টি ২৪শে ফেব্রুয়ারি লখনউয়ের একানা স্টেডিয়ামে হবে। পরবর্তী দুটি ম্যাচ ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি ধর্মশালায় অনুষ্ঠিত হবে। মোহালিতে প্রথম টেস্টের পর বেঙ্গালুরুতে দিবা-রাত্রির গোলাপী বল টেস্ট হবে।
সফরকারীরা ২১ ফেব্রুয়ারি একটি ১৮-সদস্যের দল ঘোষণা করেছিল। সেই স্কোয়াডে জায়গা পেয়েছিলেন অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। জাতীয় দলে এটি তাঁর প্রথম ডাক ছিল। কোভিড-১৯-এর কারণে হাসরাঙ্গা বাদ পড়ে যাওয়ায় শ্রীলঙ্কার সমস্যা আরও গভীরতর হল। কারণ ইতোমধ্যেই লঙ্কান লায়ন্স বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না। কুসাল জানিথ পেরেরা, আবিষ্কা ফার্নান্দো (হাঁটুতে আঘাত), রমেশ মেন্ডিস (আঙুলের আঘাত), নুয়ান থুশারা (সাইড স্ট্রেন) আগেই সিরিজের বাইরে চলে গেছেন। ভানুকা রাজাপাকসেও স্কোয়াডের অংশ নন, কারণ তিনি প্রয়োজনীয় ফিটনেস মান পূরণ করতে পারেননি।
এদিকে, শ্রীলঙ্কাই যে শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পরিষেবা পাচ্ছে না এমন নয়। ভারতও বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল দীপক চাহার এবং সূর্যকুমার যাদবের সিরিজ থেকে বাদ পড়ে যাওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে চাহার তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট পান। ওই ম্যাচে তিনি মাত্র ১১ বল করতে পেরেছিলেন। ব্যথার কারণে তারপরেই তাঁকে অন্যের সাহায্য নিয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। ওই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া সূর্যকুমার যাদব হাতের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বাদ পড়েছেন।
টি-২০ সিরিজ শুরু হওয়ার জন্য এখন বেশী সময় বাকি না থাকায় জৈব-নিরাপত্তা প্রোটোকলের কারণে কোনও দলেরই বদলি খেলোয়াড়দের নাম ঘোষণা করার সম্ভাবনা কম।