নিউ জিল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ
সিরিজ শুরু হচ্ছে ১৮ই নভেম্বর
আপডেট করা - Nov 16, 2022 8:21 pm

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাদা বলের ফর্ম্যাটের নিউ জিল্যান্ড সফরে। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ভারতের বিপর্যয়কর পরাজয়ের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই সূত্রর পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের ফর্ম্যাটে সিরিজ ছাড়াও ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড সফরের সময়ও দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। নিউ জিল্যান্ড সিরিজের জন্য আবারও তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “হৃষিকেশ কানিতকার (ব্যাটিং) এবং সাইরাজ বাহুতুলে (বোলিং) লক্ষ্মণের নেতৃত্বে নিউ জিল্যান্ডগামী দলে যোগ দেবেন।”
টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া
মেন ইন ব্লু কিউইদের বিরুদ্ধে দুটি সাদা বলের সিরিজ খেলবে। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তারপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজিত হবে। সিরিজ শুরু হবে ১৮ই নভেম্বর ওয়েলিংটনে। রাহুল দ্রাবিড় ছাড়া কোচিং স্টাফের বাকী সদস্যদেরও বিরতি দেওয়া হয়েছে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাসহ অন্যান্য সিনিয়র খেলোয়াড় – বিরাট কোহলি, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন দীনেশ কার্তিক – নিউ জিল্যান্ড সফরের জন্য বিশ্রাম পেয়েছেন। পরের মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরে আসবেন বেশ কিছু সিনিয়র। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে, রোহিত এবং তাঁর সহকারী রাহুলের অনুপস্থিতিতে অভিজ্ঞ ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান ৫০ ওভারের ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন। বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত উভয় ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
নিউ জিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ এবং ওডিআই স্কোয়াড
টি-২০ স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), শুবমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
ওডিআই স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), শুবমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।