পিবিকেএসের ওপেনিং ব্যাটার প্রভসিমরন সিংয়ের প্রশংসা করলেন বীরেন্দ্র সেহওয়াগ
আপডেট করা - May 14, 2023 6:27 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৫৯ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করেন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) ওপেনিং ব্যাটার প্রভসিমরন সিং। আইপিএলে এটি ছিল তার প্ৰথম শতরান। তিনি ৬৫ বলে ১০৩ রান করেন। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ৬টি ছয় মারেন। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে পিবিকেএস। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয় ডিসি। এই ম্যাচটিতে ৩১ রানে জয় পায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটি জিতে নিয়ে নিজেদের প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পাঞ্জাব কিংস।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ প্রভসিমরন সিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে তাকে সুযোগ দিয়ে পিবিকেএস উপকৃত হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচটিতে প্রভসিমরন সিং নিজেকে প্রমাণ করেছেন।
বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকবাজকে বলেন, “পাঞ্জাব কিংস প্রভসিমরানকে যে সুযোগ দিয়েছে তা থেকে তারা উপকৃত হয়েছে। এখন, তাকে ধারাবাহিক হতে হবে এবং আমি মনে করি পিবিকেএস এমন একজন খেলোয়াড়ের থেকে অনেক উপকৃত হবে। সে যখন প্রথমবার এসেছিল, তখন তাকে প্রচুর অর্থ দিয়ে কেনা হয়েছিল (৪.৮ কোটি টাকা)। এইবার তিনি বেশ কম (৬০ লাখ টাকা) পেয়েছেন। কিন্তু তিনি আজ তার প্রতিভা প্রমাণ করেছেন।”
তিনি আরও বলেন, “সে দেখিয়েছিল যে সে সেঞ্চুরি করতে পারে। তাকে ৬০ লাখ টাকায় কেনা হয়েছিল এবং যদি একজন খেলোয়াড় এত বেশি স্কোর করে, সেঞ্চুরি করে এবং আপনাকে কয়েকটি ম্যাচ জিতিয়ে দেয়, এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। আপনি স্যাম কারানকে ১৮.৫ কোটি টাকা দিয়ে কিনেছেন। তিনি কি করেছেন?”
নিজেদের পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস
১৭ই মে, বুধবার, এই মরসুমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালসের জন্য প্লেঅফসে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সবার শেষে রয়েছে।
অন্যদিকে, পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৬টি ম্যাচে জয় পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। ডিসির বিরুদ্ধে পরের ম্যাচটিতে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।