সূর্যকুমার যাদবের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ

Virender Sehwag
Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৫৭ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই ম্যাচটি জিতে নেওয়ার ফলে প্লেঅফসের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে এমআই।

এই ম্যাচে একটি দুরন্ত শতরান করেন এমআইয়ের অভিজ্ঞ ব্যাটার সূর্যকুমার যাদব। আইপিএলের মঞ্চে এটি ছিল তার প্ৰথম সেঞ্চুরি। তিনি মাত্র ৪৯ বলে অপরাজিত ১০৩ রান করেন। তার এই অসাধারণ ইনিংসে ছিল ১১টি চার এবং ৬টি ছয়। এই ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কারও পান। ১২ ম্যাচে ৪৭৯ রানের সাথে অরেঞ্জ ক্যাপের তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার। তার স্ট্রাইক রেট এবং গড় হল যথাক্রমে ৪৩.৫৫ এবং ১৯০.৮৪।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে সূর্যকুমার যাদব তার ব্যাটিংয়ের মাধ্যমে আইপিএলের গৌরব বৃদ্ধি করেছেন। এছাড়াও বিষ্ণু বিনোদের ইনিংসেরও প্রশংসা করেছেন তিনি।

স্টার স্পোর্টস স্টুডিওতে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, “সূর্য তার ব্যাটিং দিয়ে শুধুমাত্র ওয়াংখেড়েকে চমকে দেয়নি বরং এই টুর্নামেন্টের গৌরবও বাড়িয়েছে। জিটির খেলোয়াড়রা যেভাবে সূর্যের প্রশংসা করেছিল তা দেখার মতো ছিল। এটি হল এই ব্যাটসম্যানের মাহাত্ম্য। এখন আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ‘সূর্য হ্যায় তো মুমকিন হ্যায়’।”

তিনি আরও বলেন, “সূর্য ফাইন লেগ এবং স্কোয়ার লেগের ফিল্ডারদের নিয়ে খেলছে। তার ব্যাটিং ভাণ্ডারে একটি খুব ভালো সুইপ শট আছে। এটি করে সূর্য জিটির স্পিনারদের ছন্দ নষ্ট করেছিল এবং তার দলকে শক্তিশালী করেছিল। শক্তির ভিত্তিতে, বিষ্ণু বিনোদ একটি বিনোদনমূলক এবং দরকারী ইনিংস খেলেছিল।”

নিজেদের পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স

১৬ই মে, মঙ্গলবার, একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.১১৭। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টাস এখনও অবধি ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচে তারা ১ পয়েন্ট পেয়েছিল। এলএসজির নেট রান রেট হল +০.২৯৪। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে।

close whatsapp