“এসআরএইচ ও হায়দ্রাবাদ শহর সব সময় আমার কাছে খুব বিশেষ হয়ে থাকবে” – কেন উইলিয়ামসন

২০২১ মরসুমে উইলিয়ামসন ১৩ ম্যাচে মাত্র ৯৩.৫১ স্ট্রাইক রেটে ২১৬ রান করেছিলেন

Kane Williamson
Kane Williamson. (Photo Source: IPL/BCCI)

আইপিএল নিলামের আগে কোন খেলোয়াড়দের ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করার তারিখ ছিল ১৫ই নভেম্বর। বেশ কিছু হাই-প্রোফাইল তারকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের ফ্র্যাঞ্চাইজিগুলি। দলের খোলনলচে বদলানোর জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআইরএইচ) মোট বারোজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। সেই তালিকায় ছিল গত মরসুমে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এসআইরএইচ সমর্থকদের উদ্দেশে একটি আবেগপূর্ণ এবং হৃদয়গ্রাহী বার্তা লিখেছিলেন। উইলিয়ামসন অরেঞ্জ আর্মি, তাঁর সতীর্থ, ফ্র্যাঞ্চাইজি এবং সেখানে জড়িত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই দল এবং হায়দ্রাবাদ শহর সব সময়ই তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে।

উইলিয়ামসন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “ফ্র্যাঞ্চাইজি, আমার সতীর্থ, স্টাফ এবং সর্বদাই অসামান্য #orangearmy -র উদ্দেশে, উপভোগ্য ৮ বছরের জন্য সবাইকে ধন্যবাদ। এই দল এবং হায়দ্রাবাদ শহর সব সময় আমার কাছে খুব বিশেষ হয়ে থাকবে।” 

আইপিএল মেগা নিলামের আগেই তাঁকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজি এবং উইলিয়ামসন ছিলেন এসআরএইচ-এর সবচেয়ে দামী খেলোয়াড় (১৪ কোটি টাকা)। নিউ জিল্যান্ডের অধিনায়ক আট বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সানরাইজার্সের হয়ে ৭৬টি ম্যাচ খেলে ২১০১ রান করেছেন ৩৬.২২ গড়ে এবং ১২৬.০৩ স্ট্রাইক রেটে। এর মধ্যে ৪৬ ম্যাচে দলের অধিনায়কত্বও করেছেন। উইলিয়ামসন ২০১৫ সালে সানরাইজার্সের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০১৮ সালে নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে অধিনায়ক নিযুক্ত হওয়ার পরে এসআরএইচকে আইপিএল ২০১৮-র ফাইনালে নিয়ে যান।

মিনি নিলামের আগে এসআরএইচ-এর হাতে অবশিষ্ট ৪২.২৫ কোটি টাকা

২০২১-এ ভয়াবহ ফর্ম এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ওয়ার্নারকে যখন দল থেকে বাদ দেওয়া হয়, তখন উইলিয়ামসনের হাতে আবার অধিনায়কত্বের দায়িত্ব অর্পিত হয়েছিল। সেই মরসুমে আট দলের লিগে অষ্টম স্থানে শেষ করার এসআরএইচ ২০২২ মরসুমে ওয়ার্নারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং উইলিয়ামসনকে রিটেইন করেছিল। তবে মাত্র ছয়টি ম্যাচ জিতে দশ দলের লিগে সানরাইজার্স অষ্টম স্থানে শেষ করায় ফ্র্যাঞ্চাইজি উইলিয়ামসনের উপর থেকে ভরসা হারিয়েছে।

উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ায় ১৪ কোটি টাকা অর্থ হাতে এসেছে এসআরএইচ-এর কাছে। আগামী মরসুমের আগে স্কোয়াডের পুনর্নির্মাণে এই অর্থ কাজে লাগবে। মিনি নিলামের আগে তাদের স্কোয়াডে মাত্র ১২জন রয়েছে। যদিও ৪২.২৫ কোটি টাকা অবশিষ্ট থাকায় তারা সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক অর্থ হাতে নিয়ে নিলামে নামবে।

close whatsapp