স্বেচ্ছায় অশ্বিনের আউট হওয়ার পিছনের পরিকল্পনা বিস্তারিত জানালেন আরআর অধিনায়ক স্যামসন
রয়্যালসের ইনিংসের ১০ বল বাকি থাকতেই অশ্বিন মাঠ ছেড়ে বেরিয়ে যান
আপডেট করা - Apr 11, 2022 1:37 pm

রবিবার (১০ই এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কৌশলগতভাবে স্বেচ্ছায় অবসৃত আউট হয়ে রবিচন্দ্রন অশ্বিন একটি অনন্য কীর্তি অর্জন করেছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের তিন রানের জয় পাওয়ার ম্যাচের প্রথম ইনিংসে ৩৫ বছর বয়সী এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ছয় নম্বরে ব্যাট করার জন্য উন্নীত হওয়া অশ্বিন ২৩ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
ইনিংসে ১০ বল বাকি থাকতে, অভিজ্ঞ খেলোয়াড় মাঠের বাইরে চলে যান এবং রিয়ান পরাগ ক্রিজে আসেন। তিনি চার বলে আট রান করেন এবং অন্য প্রান্তে শিমরন হেটমায়ারকে যোগ্য সঙ্গত দেন। গোলাপী জার্সির দলের জন্য সিদ্ধান্তটি ফলপ্রসূ ছিল এবং তারা তাদের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছিল। উল্লেখ্য, আরআরের স্কোর ৬৭/৬ থাকা অবস্থায় তরুণ পরাগকে না নামিয়ে অভিজ্ঞ অশ্বিনের ব্যাটিংয়ে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ক্রিকেটার সেই ভরসার প্রতিদান দেন।
এটি একটি দলীয় সিদ্ধান্ত ছিল: সঞ্জু স্যামসন
তিনি অবশেষে ১৯তম ওভারে ফিরে যান এবং পরাগ নামেন। ম্যাচের পরে সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন প্রকাশ করেছেন যে এটি একটি দলীয় সিদ্ধান্ত ছিল। উইকেটকিপার-ব্যাটার আরও বলেছেন যে এটি মরসুম শুরুর আগে থেকেই তাদের কৌশলের অংশ ছিল।
“আমরা বিভিন্ন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি (অশ্বিনের অবসৃত আউট প্রসঙ্গে)। মরসুম শুরুর আগে এটা সম্পর্কে কথা হয়েছিল। আমরা ভেবেছিলাম যদি পরিস্থিতি দাবি করে তবে আমরা এটি ব্যবহার করতে পারি। এটি একটি দলীয় সিদ্ধান্ত ছিল,” ম্যাচ পরবর্তী উপস্থাপনায় স্যামসন বলেছেন। এদিকে, অশ্বিনের সঙ্গে ব্যাটিং করা হেটমায়ার কৌশলটি সম্পর্কে অবগত ছিলেন না এবং বাঁ-হাতি ব্যাটার ইনিংস বিরতির সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন অশ্বিনকে মাঠ ছাড়তে দেখে তিনি অবাক হয়েছিলেন।
এদিকে, স্যামসন দিনের শেষে একজন সুখী মানুষ ছিলেন কারণ আরআর পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে। তিনি লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালেরও প্রশংসা করেছিলেন। চাহাল চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
“চাহাল এমন একজন যাকে ১-২০ ওভারের মধ্যে যে কোনও সময় বল দেওয়া যেতে পারে। বর্তমানে ভারতে খেলা স্পিনারদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ লেগ-স্পিনার। ভেবেছিলাম শেষের দিকে যখন চাপ বেশি তখন তাঁকে বেশী ব্যবহার করা উচিত,” বলেছেন স্যামসন।