বিরাট কোহলির জীবনে আইপিএলের গুরুত্ব অপরিসীম, চেন্নাইয়ের বিরুদ্ধে নজিরের সামনে বিরাট
আপডেট করা - May 4, 2022 3:07 pm

ভারত তথা বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারের মুকুট এই মুহূর্তে রয়েছে বিরাট কোহলির মাথায়। খুব কম রেকর্ডই এমন রয়েছে যা বিরাট ভাঙেননি। সেই বিরাট কোহলিরই তারকা হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান নাকি আইপিএলের। তিনি নিজেই সেই কথা এবার সকলের সামনে জানিয়েছেন। আইপিএলের জন্যই ভারতীয় দলে যেমন সুযোগ করে নিয়েছেন। তেমনই এই আইপিএলের মঞ্চই নাকি তাঁকে বিশ্ব ক্রিকেটের সামনে নিজেকে মেলে ধরার সুযোগও দিয়েছে।
বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই বিরাট কোহলির সামনে রয়েছে আরেক রেকর্ডের হাতছানি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ব্যাটার হিসাবে ১০০০ রানের মাইলস্টোন ছোঁয়ার সামনে রয়েছেন বিরাট। বুধবার ৫১ রান করতে পারলেই শিখর ধওয়ানের পর দ্বিতীয় ব্যাটির হিসাবে সেই নজির গড়বেন তিনি। গতম্যাচেই বিরাট কোহলি এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান করেছেন।এরপরই বিরাটের সামনে ধোনির চেন্নাইয়ের চ্যালেঞ্জ।
আইপিএল কেমনভাবে তাঁর জীবন বদলে দিয়েছে, জানালেন বিরাট কোহলি
তার আগে অবশ্য বেশ আবেগতাড়িত বিরাট কোহলি। স্টার সপোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে বিরাট কোহলি তাঁর দীবনে আইপিএলের অবদান নিয়েই আলোচনা করেছেন। সেখানেই বিরাট কোহলি জানিয়েছেন, “অন্যান্য ক্রিকেটারদের মতো আমার জীবনেও আইপিএলের প্রভাব অনস্বীকার্য। দেশের বাইরে ক্রিকেট খেলার ক্ষেত্রেও আইপিএল আমাকে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। যেখানে অন্যান্য তারকাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। একইসঙ্গে নিজের দক্ষতা বোঝারও ক্ষমতা তৈরি হয়েছে এই আইপিএলের মঞ্চ থেকেই”।
বিরাট আরও জানিয়েছেন, “ক্রিকেট বোঝার ক্ষেত্রেও আইপিএল আমায় যথেষ্ট সাহায্য করেছে। এছাড়া এই প্রতিযোগিতার ফলেই আমি এগিয়ে যেতে পেরেছি। বহু ক্রিকেটারের সঙ্গে খেলার ফলে তাদের মানসিকতা বুঝতে পেরেছি এবং পরবর্তীকালে তা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পেরেছি আমি। আইপিএলের মঞ্চ আমার জীবনে এক অন্যমাত্রা এনে দিয়েছে”।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নতুন নজির গড়তে ৫১ রান দূরে বিরাট কোহলি
এবারের আইপিএলের শুরুটা অবশ্য বিরাট কোহলির একেবারেই ভাল হয়নি। প্রথম ম্যাচে ৪৪ রান করতে পারলেও, এরপর থেকেই ক্রমশ ব্যর্থতা তাঁকে আকড়ে ধরেছিল। পরপর দুই ম্যাচে শূন্য রান। তার পরের ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৯ রানে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। যা তিনি তো বটেই, ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও মেনে নিতে পারছিলেন না। অবশেষে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথমবার বড় রানের মুখ দেখেন বিরাট কোহলি।
সেই ম্যাচে ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। যদিও সেই ইনিংস যে টি টোয়েন্টির মতো ইনিংস তা বলা যাবে না। কিন্তু বিরাট কোহলি রানে ফিরেছে, সেটাই সকলকে যথেষ্ট স্বস্তি দিচ্ছে। এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি। সেখানেও বিরাট বড় রান পান কিনা সেটাই এখন দেখার।