আহমেদাবাদ সহ আরও দুই বড় ফ্র্যাঞ্চাইজির নজর দীপক চাহারের দিকে
আপডেট করা - Feb 4, 2022 3:42 pm

আইপিএলের দামামা বেজে গিয়েছে। এখন শুধুই বল গড়ানোর অপেক্ষা। যদিও তার আগে রয়েছে আইপিএলের মেগা নিলাম। যেখানে ৫৯০ জন চূড়ান্ত বাছাই ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণ হবে। যা নিয়ে ইতিমধ্যেই জোরকদমে হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মধ্যে। ক্রিকেটারদের প্রোফাইল নিয়ে চলছে কাটাছেঁড়া। কার জায়গায় কোন ক্রিকেটারকে দলে নেবে তা নিয়েই বিবিন্ন হিসাব নিকাশ চলছে। আর সেখানেই এখন অন্যতম নাম দীপক চাহার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি তিনি। যদিও সেই ম্যাচ ভারত জিততে পারেনি। কিন্তু চাহারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল সকলে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেএও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ছ নম্বরে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রায় ম্যাচ বের করে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা আর হয়নি।
কিন্তু চাহারের সেই পারফরম্যান্স আইপিএলের আগে অনেককেই চমকে দিয়েছিল। একইসঙ্গে তাঁর দরও যে বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেখানেই শোনাযাচ্ছে আইপিএলের তিনটি বড় ফ্র্যাঞ্চাইজি নাকি দীপক চাহারকে নেওয়ার লক্ষ্যে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ।
লোয়ার অর্ডার ব্যাটিংয়ে জোর বাড়াতে চাহারের দিকে নজর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
ঘরের মাঠে শেষ দুই মরসুমে সেভাবে সাফল্য পেতে দেখা যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বিশেষ করে রান তাড়া করার সময়ই সবচেয়ে বেশী ব্যর্থ হতে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সকে। লোয়ার অর্ডার ব্যাটিং অপশন না থাকার কারণে ভুগতে হয়েছে তাদের। দীপক চাহারকে দলে নিয়ে সেই জায়গাই পূরণ করতে চাইছে তারা। একইসঙ্গে আসন্ন আইপিএলের জন্য বিরাট কোহলিদের পাশাপাশি মহম্মদ সিরাজকেও ছাড়েনি বেঙ্গালুরু। সিরাজের সঙ্গে বোলিংয়েও তাঁকে ব্যবহার করার একটা পরিকল্পনা রয়েছে।
দীপক চাহারকে নেওয়ার পরিকল্পনা রাজস্থান রয়্যালসেরও
অন্যদিকে বেঙ্গালুরুই শুধু নয়, দীপক চাহারকে নেওয়াপ লক্ষ্যে রয়েছে রাজস্থান রয়্যালসও। আসন্ন আইপিএলের জন্য রাজস্থান তাদের সেরা বোলিং লাইনআপ জফরা আর্চার, ক্রিস মরিসদের ছেড়ে দিয়েছে। মরিসের জায়গায় দীপক চাহারকে যদি তারা নেয়, তবে হয়ত খুব একটা অবাক হওয়ার নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাহারের পারফরম্যান্স দেখে, তাঁকেই দলে নিতে চাইছে তারা। এছাড়া চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আহমেদাবাদের নজরেও রয়েছেন দীপক
এবারই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে আত্মপ্রকাশ করেছে করেছে আহমেদাবাদ। নিলাম শুরুর আগেই তিন সেরা তারকাকে নিয়ে সকলকে চমকে দিয়েছে তারা। হার্দিক পান্ডিয়া, শুভমন গিল ও রসিদ কানদের আগেই বিরাট অঙ্কের মূল্যে তুলে নিয়েছে আহমেদাবাদ। শোনাযাচ্ছে আসন্ন মেগা নিলামে নাকি দীপক চাহারের দিকেও নজর রয়েছে তাদের। চেন্নাই সুপার কিংসের হয়ে গত দুই মরসুমেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন দীপক চাহার। এছাড়া ভারতীয় দলের জার্সিতেও তিনি সফল। আইপিএলে তাঁর ইকনমি রেট ৭.৮। এছাড়া বড় শট খেলার দক্ষতা রয়েছে তাঁর। সবদিক বিচার করে আহমেদাবাদের নজরেও রয়েছেন তিনি।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সেখানে চাহারকে নিয়ে যে বেশ দড় টানাটানি চলবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে।