ফর্মে ফিরতে মরিয়া বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা
আপডেট করা - Jan 2, 2022 9:48 pm

তাঁর বড় রান পাওয়া নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়। জোহানেসবার্গে নামার আগে বিরাটের প্রশংসাও শোনা গিয়েছে দ্রাবিড়ের মুখে। নতুন বছরে বিরাট কোহলিও নিজের পুরনো ছন্দে ফিরতে মরিয়া। সোশ্যাল সাইটেও নতুন বছরে সেই একই বার্তা ভারতের টেস্ট অধিনায়কের। বছরটা নতুন হলেও, তাঁর মোটিভেশন একই রয়েছে। এখন শুধুই বিরাট কোহলির রানে ফেরার অপেক্ষা।
২০১৯ সাল থেকে রানের খরা বিরাট কোহলির ব্যাটে। টেস্ট, একদিন থেকে টি টোয়েন্টি। বড় রানের দেখা নেই বিরাট কোহলির ব্যাটে। তা নিয়ে যেমন চিন্তিত বোর্ড কর্তা থেকে প্রাক্তন ক্রিকেটররা। তেমনই চিন্তিত বিরাট কোহলি নিজেও। সেইসঙ্গে যোগ হয়েছে নতুন বিতর্কের। বোর্ডের সঙ্গে মন্তব্য, পাল্টা মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছিল। এখনও যে সেই আঁচ কমেছে তেমনটা বলা যায় না।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি বিরাট কোহলি। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে রান পেলেও, বিরাটের থেকে যে বড় রান অথবা পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন তাঁর ভক্তরা, তা করতে পারেননি তিনি। প্রপথম ইনিংসে ৩৫ এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট। সমালোচনা তো চলছেই। যদিও সেসবকে দূরে সরিয়ে বিরাটের পাশেই দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। জোহানেসবার্গে নামার আগে ক্রিকেটার থেকে নেতা কোহলির প্রশংসাই শোনা গিয়েছে দ্রাবিড়ের মুখেও। বিরাটকে নিয়ে আশাবাদী খোদ দ্রাবিড়।
নতুন বছরেও মোটিভেশন একই, বার্তা বিরাট কোহলির
সেইসঙ্গে ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলি নিজেও। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে অধিনায়ক হিসাবে রেকর্ড গড়েছেন তিনি। এবার নামবেন জোহানেসবার্গে। এই মাঠে বিরাটের পরিসংখ্যান ভালই। সেই ধারা বজায় রেখেই ফের বড় রানে ফিরতে চান তিনি। সেজন্যই জোরকদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক।
প্রথম টেস্ট জেতার পর তাই সময় নষ্ট করেননি তিনি। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ৩১ ডিসেম্বর থেকেই নেমে পড়েছিলেন প্রস্তুতিতে। কখনও সামি, তো কখনও সিরাজ, নভদীপ সাইনিদের বিরুদ্ধে নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছেন কোহলি। যা দেখে বিরাটকে ঘিরে ভরসা পাচ্ছেন দ্রাবিড়ও। চলছে তাঁর দুর্বলতা নিয়েও নানান পরীক্ষা নীরিক্ষা। প্রোটিয়াদের বিরুদ্ধে বাইশ গজ থেকেই সমস্ত সমালোচনার জবাবটা হয়ত দিতে চান বিরাট কোহলি।