জোহানেসবার্গের পয়া মাঠে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিরাটের নজর থাকবে দলগত সাফল্যের দিকেও
আপডেট করা - Jan 2, 2022 11:54 am

নতুন বছরের প্রথম টেস্টে একটি বড় মাইলফলকের দিকে তাকিয়ে থাকবেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্সে ৩রা জানুয়ারি থেকে ৩ ম্যাচ সিরিজের ২য় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। কোহলি এই মুহূর্তে একেবারেই ফর্মে কিন্তু অধিনায়ক আশা করবেন ২০২২ সালে ভাগ্যের পরিবর্তন হবে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টেস্ট ম্যাচে সফরকারী ব্যাটারদের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বিরাট কোহলি। কোহলি এই ভেন্যুতে মাত্র ২টি টেস্টে ৩১০ রান করেছেন এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিডকে ছাড়িয়ে যেতে মাত্র ৭ রান প্রয়োজন। ৩১৬ রান করে রেকর্ডটি ধরে রেখেছেন রিড।
২০১৩ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় ওয়ান্ডারার্সে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি (১১৯) করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ৯৬ রান করেছিলেন। যদিও চতুর্থ ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল প্রোটিয়ারা। ২০১৮ সালে, বিরাট কোহলি প্রথম ইনিংসে ৫৪ রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেছিলেন, এবং ব্যাটারদের জন্য একটি কঠিন পিচে একটি বিখ্যাত বিজয় অর্জন করেছিল ভারত।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সফরকারী ব্যাটারের সবচেয়ে বেশী রান
জন রিড – ২ ম্যাচে ৩১৬
বিরাট কোহলি – ২ ম্যাচে ৩১০
রিকি পন্টিং – ৪ ম্যাচে ২৬৩
রাহুল দ্রাবিড় – ২ ম্যাচে ২৬২
ড্যামিয়েন মার্টিন – ২ ম্যাচে ২৫৫
রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগও বিরাট কোহলির সামনে। রেনবো নেশনে কোহলি ৬ ম্যাচ খেলে ৫০.৯১ গড়ে ৬১১ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকায় টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশী রান
সচিন তেন্ডুলকার – ১৫ ম্যাচে ১১৬১ রান
রাহুল দ্রাবিড় – ১১ ম্যাচে ৬২৪ রান
বিরাট কোহলি – ৬ ম্যাচে ৬১১ রান
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে বিরাট কোহলিকে ভালো দেখাচ্ছিল। প্রথম ইনিংসে ৩৫ রান করা অবধি তাঁর ইনিংসে সেই পুরনো ঝলক দেখা যাচ্ছিল। তবে লুঙ্গি ঙ্গিডির অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে আউট হন। দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার পর প্রায় একইভাবে আউট হন মার্কো য়্যানসেনের বলে।
এদিকে বিরাট কোহলির সুযোগ রয়েছে টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে স্টিভ ওয়ার ৪১টি জয়ের রেকর্ডের সমান করার। কোহলি ৬৭টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছেন এবং জোহানেসবার্গে একটি জয় ভারতের অধিনায়ককে সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে নিয়ে যাবে।
কোহলি গত সপ্তাহে সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ জেতা প্রথম এশীয় অধিনায়ক হয়েছেন এবং জোহানেসবার্গে ভারত তাদের অপরাজিত রেকর্ড অব্যাহত রাখলে তিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতা প্রথম ভারতীয় অধিনায়ক হওয়ার কৃতিত্ব অর্জন করবেন।
ভারত ওয়ান্ডারার্সে ৫টি টেস্ট খেলে অপরাজিত থেকে দুটি জিতেছে এবং তিনটি ড্র করেছে।