কেপটাউনের সবুজ পিচে ভারতকে গতি ও বাউন্সারের হুঁশিয়ারি এলগারের

Dean Elgar
Dean Elgar. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

কেপটাউনে ইতিহাস তৈরি হবে নাকি নিজেদের জায়গা ধরে রাখবে প্রোটিয়ারা। সময় যতই এগোচ্ছে সিরিজের শেষ টেস্ট ঘিরে উত্তাপের পারদ ততই চড়ছে। মঙ্গলবার সিরিজ  নির্ণায়ক টেস্টে মুখোমুখি হবে দুই দল। হাতে রয়েছে আর মাত্র ৪৮ ঘন্টা। বাইশগজের লড়াইয়ের আগেই শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। কেপটাউনের সবুজ পিচে বাজবে চিন মিউজিক। মাঠে নামার আগে থেকেই ভারতরে হুঁশিয়ারি প্রোটিয়া অধিনায়কের।

কেপটাউন টেস্ট জিততে পারলেই ২৯ বছরের অপেক্ষার অবসান ঘটাবে ভারতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস তৈরি করবেন বিরাট কোহলিরা। কিন্তু সেই লড়াই যে এত সহজ হবে না, তা দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কথাতেই স্পষ্ট। কেপটাউন তাদের বরাবরই প্রিয় মাঠ। আর সেই মাঠের সবুজ বাইশগজে গতি ও বাউন্সই ভারতের বিরুদ্ধে প্রধান অস্ত্র দক্ষিণ আফ্রিকার।

এখনও পর্যন্ত কেপটাউনে পাঁচটি টেস্ট খেলেছে দুই দল। যেখানে তিনবারই ফলাফল গিয়েছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। আর বাকি দুবার ম্যাচ ড্র। কেপটাউনের বাইশগজে এখনও পর্যন্ত সাফল্য অধরাই রয়ে গিয়েছে ভারতের। সেই মাঠেই এবার ইতিহাস গড়ার চ্যালেঞ্জ রাহুল দ্রাবিড়ের দলের। একদিকে প্রস্তুতি নিচ্ছে ভারত। আর অন্যদিকে ঘরের মাঠে নিজেদের পরিসংখ্যান বজায় রেখে ভারতকে জোরালো ধাক্কা দেওয়ার প্রস্তুতি তুঙ্গে দক্ষিণ আফ্রিকা শিবিরের।

শনিবার একইসঙ্গে দুই দল কেপটাউনে পৌঁছেছে। রবিবার থেকে শুরু হয়ে গিয়েছে অনুশীলনও। কেপটাউনের পিচ বরাবরই পেসার সহায়ক। এবারও তার অন্যথা নয়। অন্তত প্রথম দিন পিচ কভার সরার পর চওড়া হাসি ফুটেছে প্রোটিয়া অধিনায়কের মুখে। ভারতের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই শুধু নয়, এই পিচে তাদের বোলারদেরই প্রাধান্য থাকবে বলে মনে করছেন তিনি। রাবাডা, এনগিডিদের বাউন্স সামলানোর হুঁশিয়ারি ভারতের দিকে ছুঁড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে সিরিজ যে দক্ষিণ আফ্রিকাই জিতবে, সে ব্যপারেও পুরোপুরি আত্মবিশ্বাসী ডিন এলগার।

ম্যাচ শুরুর ৪৮ ঘন্টা আগে এলগার বলেন, কেপটাউনে তৃতীয় টেস্টটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জোহানেসবার্গে যে ভাবে আমরা ক্রিকেট খেলেছি, আমার মনে হয় এখানেও যদি সেরকম খেলি তবে জয় আমাদের পক্ষেই আসবে। আর কেপটাউনের পিচে পেস ও বাউন্সই হবে আমাদের প্রধান অস্ত্র।

কেপটাউনের পিচে বোলিং পরিসংখ্যানের দিকে তাকালেই একটা জিনিস স্পষ্ট। বরাবরই এখানে পেসাররাই সুবিধা পেয়েছে এসেছেন। এই মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এখনও পর্যন্ত পেসারদের দখলে গিয়েছে ১২৪টি উইকেট। যেখানে স্পিনাররা পেয়েছে মাত্র ৩৪টি উইকেট। আর এই পরিসংখ্যান একটু হলেও চিন্তায় ফেলবে ভারতকে।

দ্বিতীয় টেস্টে ভারতের পয়া মাঠ জোহানেসবার্গে প্রথম টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর সেই জয়ের নায়ক প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। সেটাই যে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিয়েছে তা বলাই বাহুল্য।

close whatsapp