লোকেশ রাহুলের ভুল ফিল্ডিং স্ট্র্যাটিজিতেই প্রোটিয়াদের সহজ জয়, মনে করছেন গাভাস্কার
আপডেট করা - Jan 7, 2022 5:13 pm

জোহানেসবার্গে প্রথমবার টেস্ট হার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি যেখানে ছিল, সেখানে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা এবং আরও বেশ কয়েকটি জায়গায় ভুল করে জোহানেসবার্গে নিজেদের পরিসংখ্যানটাই বদলে ফেলেছে ভারত। তবে সুনীল গাভাস্কার কিন্তু অন্য কারণই দেখছেন এই ম্যাচ হারের ক্ষেত্রে। তাঁর মতে দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের খারাপ ফিল্ডিং সাজানোটাই নাকি দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়টাকে সহজ করে দিয়েছে।
ভারত প্রথম ইনিংসে মাত্র ২০২ রান করতে পেরেছিল। তবে শার্দূল ঠাকুরের দুরন্ত বোলিংয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের ম্যাচের দখল নিজেদের হাতে নিতে পেরেছিলেন লোকেশ রাহুলরা। কিন্তু শেষরক্ষা হয় নি। আর তার জন্য দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলকেই দায়ী করছেন প্রাক্তন কিংবদন্তী তারকা ক্রিকেটার। লোকেশ রাহুলের ভুল ফিল্ডিং স্ট্র্যাটেজিই নাকি দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তাটা সোজা করে দিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ভারত করতে পরেছিল ২৬৬ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২৪০ রানের লিড নিতে পেরেছিল। যেখানে ম্যাচের গতি দেখে বেশীরভাগ প্রাক্তন তারকাই বলেছিলেন এই পিচে ২০০ রানই নাকি জেতার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু প্রোটিয়াদের হাতে ছিল দু দিন। এমন পরিস্থিতিতে কম রান নিয়ে জিততে গেলে অবশ্যই প্রয়োজন ছিল টাইট ফিল্ডিংয়ের। কিন্তু লোকেশ রাহুল সেটা করতেই একেবারে ব্যর্থ হয়েছিলেন।
ম্যাচ শেষে অ্যানালিসিসের সময় গাভাস্কার বলেন, ‘বিরাট কোহলির অনুপস্থিতিতে এই প্রথমবার বোধহয় ভারত কোনও টেস্ট হারল। লোকেশ রাহুলের ভুল ফিল্ডিং সাজানোর স্ট্র্যাটেজিতেই দ্বিতীয় ইনিংসে রান তোলাটা ডিন এলগারের কাছে সহজ করে দিয়েছিল। যতদূর যা বোঝা যাচ্ছিল ডিন এলগার হুক মারতে খুব একটা স্বচ্ছন্দ নন। সেই চেষ্টাও করছিলেন না। তবুও ডিপফিল্ডে দুজন ফিল্ডারকে রেখে দিচ্ছিলেন লোকেশ রাহুল। যেখানে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই এলগার সিঙ্গলসের ওপর খেলছিলেন। আর ডিপ উইকেটে দুজন ফিল্ডারকে রেখে দিয়ে, এলগারের সিঙ্গলস নেওয়ার কাজটাই সহজ করে দিয়েছিলেন। আর এতেই ম্যাচটা ভারতের হাত থেকে ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা’।
শুধু গাভাস্কারই নন, এই একই কথা শোনা গিয়েছিল আরও বেশকিছু প্রাক্তন ও বিশেষজ্ঞদের মুখেও। যদিও এখন হয়ত আর এসব কাটাছেঁড়া করে কোনও লাভ নেই। সবকিছু ঠিকঠাক চললে শেষ টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তিনি ফিরলে যে ভারতীয় দলের শক্তি অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য।
আগামী ১১ জানুয়ারী কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টে নামবে ভারত। সেই মাঠে আবার কখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জেতেনি ভারত। জোহানেসবার্গের মতো সেখানে পরিসংখ্যান বদল হয় কিনা সেটাই দেখার।