পাকিস্তানের বিরুদ্ধে অবিস্মরণীয় ইনিংসের পরে আবেগে চোখে জল কোহলির
৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কোহলি
আপডেট করা - Oct 23, 2022 6:15 pm

ঐতিহ্যমণ্ডিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অবিশ্বাস্য থ্রিলার দেখা গেছে। ১৬০ রান তাড়া করতে গিয়ে মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে একটি অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে যা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ১৩ ওভারে ১১৩ রান ওঠে দুই ব্যাটারের পার্টনারশিপে।
ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল ভারতের পক্ষে জেতা সম্ভব হবে না এবং পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের সম্মুখীন হতে চলেছে ভারত। কিন্তু কোহলি ভারতকে ম্যাচে টিঁকিয়ে রাখেন এবং দলকে ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে বলের তুলনায় রান অনেক বেশী থাকায় ম্যাচের পাল্লা পাকিস্তানের দিকেই বেশী ভারী ছিল। শেষের দিকে পাকিস্তান ম্যাচ প্রায় দখল করেই নিয়েছিল এবং ভারতকে জয়ের জন্য ৮ বলে ২৮ রান করতে হত।
তবে দিনটি ছিল বিরাট কোহলির এবং তখনও ম্যাচ জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। প্রথমে ১৯তম ওভারের শেষ দুই বলে কোহলি পরপর দুটি ছয় মারেন হারিস রউফকে। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম বলেই মহম্মদ নাওয়াজ আউট করেন হার্দিক পান্ডিয়াকে। কোহলি যখন স্ট্রাইক পান তখন ভারতকে করতে হত চার বলে ১৫। সেই ওভারে কোহলি একটি ছক্কা মারেন এবং শেষ বলে ভারতের প্রয়োজন ২ রান। একটি ওয়াইডের পরে রবিচন্দ্রন অশ্বিন মিড অফের উপর দিয়ে শট মেরে এক রান করে ম্যাচ জেতান।
ম্যাচ জেতার পরেই পুরো ভারতীয় দলকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় এবং বিরাট কোহলিও আবেগমথিত হয়ে পড়েন। এক রান পূর্ণ করেই তিনি পিচে সজোরে আঘাত করেন। এরপর যখন সতীর্থরা মাঠে দৌড়ে এসে তাঁকে জড়িয়ে ধরেন তখন কোহলির চোখে জল দেখা যায়। কোহলি এতটাই অভিভূত হয়ে পড়েন যে ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানেও তাঁর গলা বুজে এসেছিল।
দেখুন ম্যাচ জয়ের পরে কোহলির প্রতিক্রিয়া
https://twitter.com/BodkheShilpa/status/1584154428344451073?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584154428344451073%7Ctwgr%5E5b1dbc84c3046e7334d09b2b13525ccf1134650f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsocial-tracker-cricket%2Find-vs-pak-majestic-virat-kohli-breaks-down-after-achieving-the-unthinkable-in-a-heart-throbbing-thriller-against-pakistan%2F