কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে নেটে একে অপরের মুখোমুখি হলেন বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ

Mohammed Siraj and Virat Kohli
Mohammed Siraj and Virat Kohli. (Photo Source: RCB)

২৬শে এপ্রিল, বুধবার, নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কেকেআরের বিরুদ্ধে এর আগের ম্যাচটিতে ৮১ রানে পরাজিত হয়েছিল আরসিবি। আজ অবশ্যই সেই লজ্জাজনক হারের বদলা নিতে চাইবে ফাফ ডু প্লেসিসের দল। শেষ দুটি ম্যাচে চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি ডু প্লেসিস, সেই কারণে আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট।

আরসিবি এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল -০.০০৮। অন্যদিকে, কেকেআর এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ২টি ম্যাচে জয়লাভ করেছে। তারা নিজেদের শেষ চারটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে নীতিশ রানার দল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা অষ্টম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল -০.১৮৬।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে টুইটারে একটি ভিডিও আপলোড করেছে আরসিবি, যেখানে বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজকে একে অপরের মুখোমুখি হতে দেখা গেছে। প্ৰথম দুটি বলে বিরাটকে পরাস্ত করেন সিরাজ। এরপর বিরাটের মাথা নাড়ানো দেখে বোঝা গেছে যে বল দুটি দারুন ছিল। এরপর সিরাজকে একের পর এক ছয় মারেন বিরাট। তিনি সোজা ব্যাটে একটি ছয় মারেন, যেটি দেখে ২০২২ সালের অক্টোবর মাসে টি-২০ বিশ্বকাপে হ্যারিস রউফের বিরুদ্ধে তার মারা ছয়টির কথা মনে পড়ে যাবে। ভিডিওর শেষের দিকে বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেন সিরাজ।

“আমরা সবাই জানি কিং কোহলি যখন ফর্মে থাকেন তখন তিনি কি করতে পারেন” – মহম্মদ সিরাজ

মহম্মদ সিরাজ বলেছেন যে তিনি পাওয়ারপ্লেতে যেভাবে বল করেন সেভাবেই তিনি বিরাটকে বল করছিলেন। এছাড়াও তিনি বলেছেন যে বিরাট যখন ফর্মে থাকেন তখন তিনি কি করতে পারেন সেটি আমরা সকলেই জানি। বিরাট চিন্নাস্বামীর চারদিকে তার বলে শট খেলেছেন বলে জানিয়েছেন তিনি।

মহম্মদ সিরাজ বলেন, “পাওয়ারপ্লেতে আমি যেভাবে বল করি, সেই একই পদ্ধতিতেই আমি বল করছিলাম। যখন বল নতুন হয়, অব্যশই তখন সুইং হয়। তারপরে, আমরা সবাই জানি কিং কোহলি যখন ফর্মে থাকেন তখন তিনি কি করতে পারেন। তিনি আমার বলে চিন্নাস্বামীর চারিদিকে শট খেলেছেন।”

close whatsapp