“আমার কাছে মনে হয় গ্রুপ ‘এ’ গ্রুপ অফ ডেথ” – আকাশ চোপড়া
লিগ পর্যায়ের ম্যাচের জন্য দশটি ফ্র্যাঞ্চাইজিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে
আপডেট করা - Feb 26, 2022 3:50 pm

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন যে আইপিএল ২০২২-এর জন্য নতুন ফর্ম্যাটটির ফলে গ্রুপ বি-র চেয়ে গ্রুপ এ-তে থাকা দলগুলির মধ্যে বেশী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিসিসিআই ২৫শে ফেব্রুয়ারি আসন্ন সংস্করণের জন্য একটি ভিন্ন ধরণের সময়সূচী ঘোষণা করেছে, যার মধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি দুটি গ্রুপে বিভক্ত। ফ্র্যাঞ্চাইজিরা তাদের গ্রুপের দলের বিপক্ষে দুবার এবং অন্য গ্রুপের আরও একটি দলের বিপক্ষে দুবার করে খেলবে এবং অন্য গ্রুপের বাকি চারটি দলের সাথে তারা মাত্র একবার খেলবে।
ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং তারা কতবার ফাইনালে উঠেছে তার ভিত্তিতে গ্রুপে ভাগ করা হয়েছে। মোট ৭০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৪টি ম্যাচ খেলবে (৭টি ঘরে এবং ৭টি বাইরে)। আইপিএলের দুই যুযুধান প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস দুটি ভিন্ন গ্রুপে থাকলেও একে অপরের বিরুদ্ধে দুবার ম্যাচ খেলতে পারবে। নগদ সমৃদ্ধ টুর্নামেন্টটি ২৬শে মার্চ থেকে শুরু হবে এবং ২৯শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে।
দুটি গ্রুপের মধ্যে গ্রুপ বি-কে তুলনামূলক সহহ মনে হয়েছে জনপ্রিয় ধারাভাষ্যকারের
আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে মুম্বাই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস একে অপরের বিরুদ্ধে খেলবে বলে গ্রুপ ‘এ’ দুটি গ্রুপের মধ্যে বেশী কঠিন বলে মনে করছেন। তাঁর মতে কাগজে-কলমে কিছুটা দুর্বল দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে হবে বলে সিএসকে এখন সবচেয়ে সুখী দল হবে।
“আপনি যদি দুর্বল দলের বিপক্ষে দুইবার খেলতে পারেন, তাহলে আপনার সামনের পথ ভালো দেখাবে। যে দুটি গ্রুপ করা হয়েছে, আমার কাছে মনে হয় গ্রুপ ‘এ’ গ্রুপ অফ ডেথ, কিছুটা কঠিন। শুধু এটি সম্পর্কে চিন্তা করুন – মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস, তারা সবাই খুব ভালো দল এবং তারা সবাই একে অপরের বিপক্ষে দুবার খেলবে”, আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
তিনি আরও যোগ করেছেন, “বাকি দলগুলো অন্য গ্রুপে রয়েছে – চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, আরসিবি, পাঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স। সেই গ্রুপটি একটু সহজ দেখাচ্ছে। সিএসকে খুশি হবে যে তারা হায়দ্রাবাদ এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুবার খেলতে পারবে।”
ধারাভাষ্যকার অবশ্য উল্লেখ করেছেন যে কোন গ্রুপের কোন দলেরই খুব বেশি কিছু বলার থাকতে পারে না কারণ পয়েন্ট তালিকাটি সমস্ত ফ্র্যাঞ্চাইজির জন্য সমান। আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষ চারটি ফ্র্যাঞ্চাইজি প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে।
“কিন্তু এটাও সত্য যে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল যোগ্যতা অর্জন করবে না। পয়েন্টের দিক থেকে শীর্ষ চারটি দল যোগ্যতা অর্জন করবে, এটা গ্রুপের বিষয় নয়। গ্রুপগুলি শুধুমাত্র ম্যাচগুলির বিতরণের জন্য তবে শীর্ষ চারটি দল মোট ১৪টি ম্যাচের উপর ভিত্তি করে তৈরি হবে, এর সঙ্গে এটি গ্রুপ এ বা গ্রুপ বি কোন সম্পর্কে নেই,” চোপড়া যোগ করেছেন।