বিরাট কোহলির রানে ফেরা নিয়ে আত্মবিশ্বাসের সুর সঞ্জয় বাঙ্গারের গলায়

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo Source:Twitter/RCB)

২০১৯ থেকে ২০২২, যদি ক্ষমতা থাকত তাহলে বিরাট কোহলি বোধহয় এই সময়টাকে মুছে দিতে চাইতেন। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ। বিরাটের রানের খরা যেন কাটতেই চাইছে না। যে ক্রিকেটারের ব্যাট থেকে একসময় এক মকসুমে চারটে শতরান এসেছে, সেই তারকা ক্রিকেটার পরপর দু ম্যাচে শূন্য রানে ফিরেে গিয়েছেন। যা দেখে সমস্ত প্রাক্তন ক্রিকেটাররাই যেন আতঙ্কিত। যদিও এই সময় বিরাট কোহলির পাশেই দাঁড়াচ্ছেন আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে বিরাট কোহলি রানের মধ্যে শীঘ্রই ফিরবেন।

একের পর এক ব্যর্থতায় ক্রমশই যেন চাপ বাড়তে শুরু করেছে বিরাট কোহলির ওপর। ২০১৯ সালের পর থেকে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে কোনও শতরান নেই। প্রত্যেকেই তাঁর ব্যাট থেকে সেই শতরানের অপেক্ষায় রয়েছেন। কিন্তু বিরাট কোহলির খারাপ সময় পিছু ছাড়ছে না। একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থ হচ্ছেন তিনি। আইপিএলের মঞ্চেও সেই ধারা অব্যহত রয়েছে বিরাট কোহলির।

আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি।পরপর দুই ম্যাচেই শূন্য রানে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমেই ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। মার্কো য়্যানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়েই ফিরে যান তিনি। আর আউট হওয়ার পর বিরাট কোহলি নিজেও যেন হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর থেকেই বিরাট কোহলিকে নিয়ে সোশ্যল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় আলোচনা তুঙ্গে। এমন সময় অবশ্য বিরাট কোহলি তাঁর পাশে বেঙ্গালুরু কোচ সঞ্জয় বাঙ্গারকে পাচ্ছেন। বিরাট যে ফের শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন, সে ব্যপারে আত্মবিশ্বাসী তিনি।

এবারের আইপিএলে বিরাট কোহলি পরপর দু ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন

ম্যাচ শেষে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “বিরাট কোহলি হলেন এমন একজন ক্রিকেটার যিনি সবসময়ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে এসেছেন। খেলোয়াড়রা এমন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এবারের আইপিএলের শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। কিন্তু মাঝপথে একটা রান আউট এবং স্লিপে দুটো ক্যাচ আউট হয়েছেন তিনি”।

বাঙ্গার আরও জানান, “তাঁর সাধ্যের মধ্যে যা যা রয়েছে সবকিছুই করছেন তিনি। তিনি যেমন ফিটনেস ট্রেনিং সারছেন, তেমনই বজায় রেখেছেন নিজের দক্ষতা এবং চাপ যাতে না আসে সেদিকেও নজর রেখেছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচের পরই যথেষ্ট বিরতি নেন তিনি। তাঁর সামনে এগিয়ে যাওয়ার ব্যপারে আমি আত্মবিশ্বাসী”।

আইপিএলের সাত ম্যাচ খেলা হয়ে গেলেও, বিরাট কোহলির ব্যাটে এখনও পর্যন্ত একটিও অর্ধশতরান নেই। এখনও পর্যন্ত বিরাট কোহলির সর্বোচ্চ রান এবারের আইপিএলে ৪৮। বিরাট ভক্তদের যা এতটুকু স্বস্তি দিচ্ছে না। ইতিমধ্যে প্রাক্তন তারকারা তাঁকে কয়েক মাাসের জন্য বিরতিতে যাওয়ারও পরামর্শ দিচ্ছেন। বিরাট কোহলি এই আইপিএলেই কী নিজের ফর্মে ফিরতে পারবেন, সেই প্রশ্নই এখন সকলের মুখে।

close whatsapp