রিকি পন্টিংয়ের পেপটকেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন কুলদীপ যাদব, জানালেন চায়নাম্যান স্পিনার
আপডেট করা - Apr 26, 2022 9:40 pm

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটো মরসুম ডাগআউটে বসেই কেটে গিয়েছিল কুলদীপ যাদবের। সেইই কুলদীপ এখন দিল্লি ক্যাপিটালস শিবিরের নায়ক। তাঁর স্পিনের জাদুতে তাবড় তাবড় তারকারা সাজঘরের উদ্দেশ্যে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকাতেও ঢুকে পড়েছেন কুলদীপ যাদব। আর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাঁর সাফল্যের প্রধান কারিগড় নাকি রিকি পন্টিং। আইপিএল চলার মাঝেই পন্টিংয়ের প্রশংসায় কুলদীপ যাদব।
গত দুই মরসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে দেখা যায়নি কুলদীপ যাদবকে। ২০২১ সালে ঘরের মাঠে আইপিএল শুরু হলেও, কুলদীপকে বাইরে রেখেই প্রথম একাদশ তৈরি করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তখন কিছু না বললেও, পরে নানান জায়গায় নিজের হতাশার কথা জানিয়েছিলেন কুলদীপ যাদব।
আইপিএলের সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুলদীপ যাদব
কুলদীপ তাঁর ক্ষোভও উগরে দিয়েছিলেন বিভিন্ন জায়গায়। এরপর থেকেই ক্রিকে মহলে নানান গুঞ্জন শুরু হয়েছিল। এবারের আইপিএলে নাইট রাইডার্সকে জবাব দেওয়ার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন কুলদীপ যাদব। আর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে সেটাই করতে দেখাতে পেরেছেন তিনি। আর কুলদীপের এই সাফল্যের পিছনে নাকি সবচেয়ে বড় অবদান রিকি পন্টিং। ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর পন্টিংয়ের কথাই তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছিল।
কুলদীপ যাদবকে গোটা প্রতিযোগিতার ১৪টি ম্যাচেই খেলানোর কথা বলেছিলেন রিকি পন্টিং। আর তাতেই নিজের আত্মবিশ্বাস অনেকটা ফিরে পেয়েছিলেন এই চায়নাম্যান স্পিনার। এই প্রসঙ্গে কুলদীপ যাদব জানিয়েছেন, “যখন তুমি স্বাধীনতা পাবে সেই মুহূর্তে এমনিতেই তাঁর পারফরম্যান্স ভাল হবে। আমার মনে রয়েছে প্রস্তুতি পর্বে যখন প্রথমবার রিকি পন্টিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। যেভাবে তিনি আমাকে মোটিভেট করেছিলেন তারে আমি আপ্লুত। রিকি পন্টিংই আমাকে বলেছিলেন যে তিনি চান আমি ১৪টি ম্যাচই দিল্লির হয়ে মাঠে নামি। কোনওকিছু নিয়ে ভেবনা, সমস্যায় পড়লে গোটা দল তোমার সঙ্গে রয়েছে”।
রিকি পন্টিংয়ের মুখ থেকে এই কথাগুলো শোনাই যেন বদলে দিয়েছিল কুলদীপ যাদবের জীবন এই আইপিএলে। এই মুহূর্তে ১৩টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কুলদীপ যাদব। এবারের আইপিএলে নাইট রাইডার্সের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ যাদব। সামনে আরও অনেক ম্যাচ রয়েছে, কুলদীপের হাত থেকে আরও কী কী জাদু দেখা যায় তারই অপেক্ষায় সকলে।