বরুণ চক্রবর্তীর উপর আর ভরসা নয়, নিলামে নাইটদের চোখ থাকতে পারে এই স্পিনারদের দিকে

নাইটদের নজর অমিত মিশ্র, পীযূষ চাওলা, মায়াঙ্ক মারকান্ডের দিকে

Varun Chakravarthy
Varun Chakravarthy. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বরুণ চক্রবর্তী এবং অনুকুল রায়ের মতো একজন ভারতীয় স্পিনার প্রয়োজন হতে পারে। চোপড়ার মতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চক্রবর্তীর পারফর্ম্যান্সের গ্রাফ নিম্নমুখী এবং আইপিএল ২০২২ মরসুমও খারাপ কেটেছিল তাঁর। ১১ ম্যাচে ৮.৫১-এর ব্যয়বহুল ইকোনমি রেটে মাত্র ছয়টি উইকেট তুলেছিলেন তামিল নাড়ুর স্পিনার। চোপড়া মনে করেন যে কলকাতা সম্ভবত পীযূষ চাওলা, অমিত মিশ্রর মতো কোন অভিজ্ঞ বা মায়াঙ্ক মারকান্ডের মতো তরুণ রিস্ট-স্পিনারের দিকে নজর দিতে পারে যাঁদের তুলনামূলক সস্তা দামে পাওয়া যাবে।

“তাদের একজন ভারতীয় স্পিনার প্রয়োজন হতে পারে। তাদের কাছে দুটি বিকল্প হিসাবে অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তী আছে, কিন্তু বরুণ গত মরসুমে খারাপ খেলেছিল। তাই হয়তো তারা পীযূষ চাওলা, অমিত মিশ্র বা মায়াঙ্ক মারকান্ডের মতো বিকল্পগুলি দেখতে পারে, যাদের দাম প্রায় ১ কোটি টাকা হতে পারে। তারা কোন দামি স্পিনার কিনতে পারবে না,” নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন আকাশ চোপড়া।

কেকেআরের নিশ্চিতভাবে একজন ভারতীয় উইকেটকিপার দরকার: আকাশ চোপড়া 

কেকেআরের কাছে রহমানউল্লাহ্ গুরবাজের মতো একজন বিশেষজ্ঞ উইকেটকিপার রয়েছে, যাঁকে তারা গুজরাত টাইটান্স থেকে লেনদেন করেছে। তবে চোপড়া মনে করেন দুইবারের আইপিএল চ্যাম্পিয়নদের অবশ্যই একজন ব্যাকআপ উইকেটকিপারের প্রয়োজন হবে, বিশেষ করে একজন ভারতীয়।

এই বিষয়ে তিনি বলেছেন, “তাদের নিশ্চিতভাবে একজন ভারতীয় উইকেটকিপার দরকার। গত বছর তারা শেলডন জ্যাকসনকে নিয়ে সাফল্য পায়নি। আমি যদি দলের সঙ্গে থাকা ১৪টি (১৩) নাম পড়ি, তবে কেবল গুরবাজকেই একজন সত্যিকারের কিপার বলে মনে হয়। তাই তাদের অবশ্যই একজন ভারতীয় দরকার বা এমন একজন বিদেশী ব্যাটার যে কিপিং করতে পারে। কিন্তু নিকোলাস পুরানের মতো কাউকে তারা নিতে পারবে না।”

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানউল্লাহ্ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিং।

 

close whatsapp