উমরান মালিকের ভয়ঙ্কর ইয়র্কারে বেসামাল শ্রেয়স আইয়ার, ডাগ আউটে উল্লাস ডেল স্টেইনের
আপডেট করা - Apr 15, 2022 10:14 pm

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ তাদের শুরুটা তেমন ভালভাবে করতে পারেনি। প্রথম দুই ম্যাচেই হেরেছিল কেন উইলিয়ামসনের দল। কিন্তু আইপিএলের প্রথম দিন থেকেই সকলের নজর কেড়ে এসেছেন উমরান মালিক। তাঁর গতির ঝলক গত আইপিএলেই সকলে পেয়েছিলেন। এবার যেন সেই গতিরই ধার আরও বেশী। হয়ত এখনও অনেক কাজ বাকি রয়েছে। কিন্তু নাইট রাইডার্সের বিরুদ্ধে যেভাবে তিনি পারফরম্যান্স দেখালেন, তা সত্যিই অসাধারণ। শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর করা ইয়র্কার দেখে মুগ্ধ সকলে।
আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদ যেকটি ম্যাচে নেমেছেন, প্রতিটি ম্যাচেই সবচেয়ে দ্রুতগতির বলের পুরষ্কার জিতে নিয়ে গিয়েছেন উমরান মালিক। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেও নিজের ছন্দেই ছিলেন উমরান মালিক। আর নাইট ব্যাটাররা তাঁকে সামাল দিতে গিয়েই রীতিমত হিমশিম খেলেন। শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে জোরালো গতির সঙ্গে নিখুঁত ইয়র্কার দিয়েছিলেন উমরান মালিক। যার কোনও জবাবই দিতে পারলেন না নাইট রাইডার্স অধিনায়ক।
এবার আবার সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের নাম ডেল স্টেইন। একসময় গোটা বিশ্ব যাকে স্টেনগান বলেই সম্বোধন করত। সেই স্টেনের তত্ত্বাবধানেই উমরান মালিক যে ক্রমশই ধারালো অস্ত্র হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর হাতে যেমন গতি রয়েছে তেমনই রয়েছে লাইন এূং লেন্থ। ম্যাচের ১০ নম্বর ওভারের লড়াইটার দিকে এদিন সকলে তাকিয়ে ছিল। কারণ নাইট অধিনায়ক তখন পিচে। সেই সময়ই বোধহয় নিজের ব্রক্ষ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন উমরান মালিক। তাঁর ইয়র্কারে একেবারে বেসামাল শ্রেয়স আইয়ার। আর ছাত্রের এমন পারফরম্যান্স দেখেই ডাগ আউটে উল্লাসে ফেটে পড়লেন ডেল স্টেইন। যে ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল।
উমরানের দুর্ধর্ষ ইয়র্কার দেখার পর ডাগআউটে উচ্ছ্বাসে ফেটে পড়লেন ডেল স্টেইন
শ্রেয়সের বিরুদ্ধে উমরানের লড়াইটা এদিন প্রথম থেকেই সকলে উপভোগ করছিলেন। দুই তরফেই ছিল নাছোর একটা মনোভাব। যদিও শেষ হাসিটা ফোটে উমরান মালিকের মুখেই। উমরানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলার জন্য উইকেট ছেড়ে ব্যাটিংয়ের কৌশল নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর সেখানেই নাইট অধিনায়ক কুপোকাত। তাঁর নিখুঁত ইয়র্কারের কোনও জবাব ছিল না শ্রেয়সের কাছে। আর সেই থেকেই স্টেইনের উচ্ছ্বাস ছিস দেখার মতো।
Two pacers, same joy ☺️
Follow the match ▶️ https://t.co/HbO7Uh4Tcq#TATAIPL | #SRHvKKR | @SunRisers | @DaleSteyn62 pic.twitter.com/eGFGpj2QIL
— IndianPremierLeague (@IPL) April 15, 2022
শুধু শ্রেয়স আইয়ারকেই নয়, নাইটদের আরেক তারকা আন্দ্রে রাসেলকেও এদিন নাজেহাল করে দিয়েছিলেন উমরান মালিক। উমরানের লো বাউন্স সামলাতে গিয়ে পিচের মধ্যেই পড়ে যান আন্দ্রে রাসেল। উমরানের পারফরম্যান্স দেখে প্রাক্তনরাও বেশ খুশি। এই তরুণ তারকা তাঁর গতি নিয়ে কতদূর দৌড়তে পারেন সেটাই এখন দেখার।