ফিটনেস টেস্ট পাশ করলে তবেই আইপিএল খেলার ছাড়পত্র হার্দিক পান্ডিয়াকে, চিন্তায় গুজরাত টাইটান্স
আপডেট করা - Mar 14, 2022 10:16 pm

গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়া নামতে পারবেন তো শেষপর্যন্ত। আইপিএলে ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু হঠাত্ই হার্দিক পান্ডিয়াকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বোর্ডের তরফে ফিটনেস না পেলে, মাঠে নামতে পারবেন না হার্দিক। আর তাতেই খানিকটা হলে চিন্তায় পড়ে গিয়েছে গুজরাত টাইটান্স কর্তারা। যদি তিনি শেষপর্যন্ত ছাড়পত্র না পান, তবে গুজরাত টাইটান্সের ভবিষ্যত কী হবে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
আইপিএলের আগে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিটি ক্রিকেটারকে এনসিএ-র ফিটনেস শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে যে ক্রিকেটাররা খেলেছেন, তাদেরকেই ছাড় দেওয়া হয়েছে এই শিবির থেকে। প্রথমে শোনা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে নাকি সেই শিবিরে যোগ দিতে হবে না। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তি থাকায়, তাঁকেও এই ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সোমবারই এনসিএ-র শিবিরে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এরপর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে তিনি যদি এনসিএ-তে ফিটনেস টেস্টে পাশ করতে না পারে, তবে নাকি আইপিএলের মঞ্চেও নামতে পারবেন না। হার্দিক এনসিএ-র শিবিরে যোগ দেওয়ার পর নাকি বোর্ডের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
ফিটনেস টেস্ট পাশ করে তবেই আইপিএল খেলার ছাড়পত্র পাবেন হার্দিক পান্ডিয়া
গত দু বথর ধরেই অল রাউন্ডার হিসাবে ছন্দে নেই হার্দিক পান্ডিয়া। শেষবার ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। তাঁর পারফরকম্যান্স নিয়ে বহুদিন ধরেই নানান সমালোচনা চলছিল। এরপর বিশ্বকাপের পর পুরোপুরি চোট সারানোর জন্য নিজেই ভারতীয় দল থেকে অব্যহতি চেয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
তাঁর কোমড়ে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই সেভাবে আর বল হাতে দেখা যায়নি তাঁকে। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দিকের বেশকিছু ম্যাচেও খেলতে দেখা যায়নি। পরবর্তী পর্বে হার্দিককে খেলানো হলেও, বল হাতে সেই পারফরম্যান্স দেখা যায়নি তাঁর। এমনকী এবারের রঞ্জা ট্রফি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পর ফের আইপিএল দিয়েই ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। এবার গুজরাত টাইটান্সের অধিনায়কও হয়েছেন হার্দিকই।
আর তার আগেই এনসিএ-র ফিটনেস শিবিরে যোগ দিতে হয়েছে তাঁকে। আইপিএলের আগে প্রতিটা ক্রিকেটারেরই ফিটনেস পরিস্থিতি কী রয়েছে তা দেখে নিতে চায় বোর্ড। আর হার্দিক পান্ডিয়া দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে নেই। তিনি চোট সারিয়ে কতটা সুস্থ হয়েছেন, সেই সম্বন্ধেও বোর্ডের কাছে কোনও নথি নেই। তাই এনসিএ-র ক্যাম্পেই তাঁর ফিটনেসটা দেখে নিতে চায় বিসিসিআই। এই দুদিন ধরে চলবে তাঁর ফিটনেস ট্রেনিং। সেখানে পাশ করতে না পারলে, এবার যে হার্দিক আইপিএলে নামতে পারবে না তা কার্যত স্পষ্ট।