কিংবদন্তী মিতালীর অবসরে টুইটার জুড়ে শুভেচ্ছাবার্তার জোয়ার

দশ হাজারেরও বেশী রান এবং অজস্র রেকর্ড দখলে রেখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মিতালী

Mithali Raj
Mithali Raj. (Photo by Simon Galloway/PA Images via Getty Images)

ভারতের কিংবদন্তী ক্রিকেটার মিতালী রাজ তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এবং ৮ই জুন বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। কিংবদন্তি ক্রিকেটার গত বছর ইঙ্গিত দিয়েছিলেন যে মহিলা বিশ্বকাপ ২০২২ তাঁর শেষ টুর্নামেন্ট হতে চলেছে। ২০২২ সালের এপ্রিলে ভারতের অভিযান শেষ হওয়ার পর আজ তিনি নিশ্চিতভাবে জানিয়ে দিলেন ভারতের জার্সি গায়ে ভবিষ্যতে তাঁকে আর দেখা যাবে না।

৩৯ বছর বয়সী মিতালী মাত্র ১৬ বছর বয়সে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। তার পরের দীর্ঘ ২৩ বছরে ভারতীয় মহিলা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে ওঠেন। অজস্র রেকর্ড নিজের নামে করেন। ভারতে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তার পিছনে তাঁর অবদান অপরিসীম এবং স্বাভাবিকভাবেই তাঁর অবসরের খবরে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিক্রিয়া এসেছে।

ভারতীয় জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, তিনি রেলওয়েস দলকে ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। সিনিয়র মহিলাদের একদিনের ট্রফিতে রেলওয়েস আধিপত্য বিস্তার করেছে এবং মিতালীর নেতৃত্বে ১২টি মরসুমে ১০ বার টুর্নামেন্ট জেতে।

মহিলাদের ক্রিকেটে তিনি এমন কিছু মাইলস্টোন স্পর্শ করেছেন যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না। তিনি তাঁর অভিষেক ওডিআই ম্যাচেই সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আগমন অনবদ্যভাবে ঘোষণা করেছিলেন। তিনি মহিলাদের টেস্টে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন যখন তিনি ১৯ বছর ২৫৪ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

ঈর্ষণীয় রেকর্ড মিতালী রাজের

আন্তর্জাতিক ক্রিকেটে অন্য সব ক্রিকেটারদের মধ্যে তার ওডিআই কেরিয়ার সবচেয়ে দীর্ঘ। মিতালীর ১৫৫ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও রয়েছে, যা কোন মহিলা ক্রিকেটারের দ্বারা সর্বাধিক। সার্বিকভাবে তিনি ৩৩৩ ম্যাচে ১০,৮৬৮ আন্তর্জাতিক রানসহ সর্বোচ্চ রান-স্কোরার হিসাবে খেলা থেকে সরে দাঁড়ালেন।

মিতালীর কেরিয়ারের পরিসংখ্যান সম্পর্কে বলতে গেলে, তিনি ১২টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করে ৬৯৯ রান করেছিলেন, যার মধ্যে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ ২১৪। টি-২০ ক্রিকেটে ৮৯ ম্যাচে ২৩৬৪ রান করেছেন ১৭টি অর্ধশতকসহ, গড় ৩৭.৫২।

তবে তাঁর সেরা ফর্ম দেখা গিয়েছে ৫০ ওভারের ফর্ম্যাটে। ২৩২ ম্যাচে ৭৮০৫ রান করে তিনি ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক মহিলা ক্রিকেটার। ৬০.৬৮-এর বিশাল গড় ধরে রাখার পাশাপাশি ৭টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ সেঞ্চুরি করেছেন।

তাঁর বেশ কিছু রেকর্ড দেখে নেওয়া যাক – মহিলাদের ওডিআইতে সবচেয়ে বেশী রান (৭৮০৫), ভারতের হয়ে ওডিআইতে সবচেয়ে বেশী সেঞ্চুরি (৭), মহিলাদের ওডিআইতে সবচেয়ে বেশী হাফ সেঞ্চুরি (৬৪), মহিলাদের ওডিআইতে সবচেয়ে বেশী ৫০+ স্কোর (৭১), ভারতের হয়ে টি-২০তে সবচেয়ে বেশী রান (২৩৬৪), ভারতের হয়ে টি-২০তে সবচেয়ে বেশী হাফ সেঞ্চুরি (১৭)। 

মিতালীর অবসর ঘোষণার পর টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

close whatsapp