বিরাটের শতরানে চতুর্থ দিনের শেষে ভালো পরিস্থিতিতে ভারত

Virat Kohli
Virat Kohli. (Image Source: BCCI)

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্ৰথম ইনিংসের পাহাড় সমান রানের পাল্টা জবাব দিল ভারতীয় দল। শুভমন গিলের পর বিরাট কোহলির শতরানের হাত ধরে অস্ট্রেলিয়ার রান টপকে দিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে ১৭৮.৫ ওভারে ১০ উইকেটে ৫৭১ রান করল ভারত।

তৃতীয় দিন অর্ধশতরান করার পর চতুর্থ দিনের শুরুতে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। রবীন্দ্র জাদেজা ৮৪ বলে ২৮ রান করে টড মারফির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে আসেন কেএস ভরত। অনেকগুলি ম্যাচে পরপর অসফল হলেও এই টেস্টে ঘুরে দাঁড়ান কেএস ভরত। বিরাট কোহলির সঙ্গে ৮৪ রানের পার্টনারশিপ করেন তিনি। তারপর নাথান লিয়নের বলে আউট হন তিনি।

কেএস ভরতের পর ক্রিজে আসেন অক্ষর প্যাটেল। তিনি বিরাট কোহলির শতরানের মুহূর্তে তার সাথে ক্রিজে ছিলেন। বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেলের ১৬২ রানের পার্টনারশিপের হাত ধরেই অস্ট্রেলিয়ার করা ৪৮০ রান অতিক্রম করে ভারতীয় দল। অক্ষর প্যাটেল ৫টি চার এবং ৪টি ছয়ের সাথে ১১৩ বলে ৭৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি মিচেল স্টার্কের বলে শেষমেশ বোল্ড হন। তবে এরপরে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ বিরাট কোহলির সঙ্গ দিতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৭ রান এবং উমেশ যাদব ও মোহাম্মদ শামি ০ রানে নিজেদের উইকেট হারান।

বিরাট কোহলির ব্যাট থেকে এল দুর্দান্ত শতরান

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ১২০৫ দিনের পর ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিত ব্যাট থেকে এল অনবদ্য শতরান। তৃতীয় দিন ১২৮ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর আজকে ২৪১ বলে নিজের ২৮তম টেস্ট শতরানে পৌঁছান তিনি। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭৫টি শতরান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি। তবে শেষমেশ ২০০ রানের কাছাকাছি পৌঁছে তিনি টড মারফির বলে আউট হন। ১৫টি চার সহ তিনি ৩৬৪ বলে ১৮৬ রান করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হল ৬ ওভারে ৩ রানে ০ উইকেট। তাদের সামনে এখনও ৮৮ রানের লিড রয়েছে।

এই ইনিংসে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফর্মে ফেরায় ভারতীয় দল এবং সমর্থকরা অবশ্যই খুশি হয়েছেন। তবে এই টেস্ট ম্যাচের শেষ দিনে কোনো আশ্চর্যজনক ঘটনা না ঘটলে এটি যে ড্র হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই টেস্ট ম্যাচটি ড্র হলে ভারত সিরিজ জিতলেও ডাব্লুউটিসির ফাইনালে খেলার ব্যাপারে নিশ্চয়তা পাবে না। সুতরাং, ম্যাচটি ড্র হলে ডাব্লুউটিসির ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে খেলবে সেটি শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই জানা যাবে।

চতুর্থ দিনের খেলার ব্যাপারে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-

close whatsapp