ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত রোহিত শর্মা
আপডেট করা - Jul 29, 2022 3:12 pm

শিখর ধওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার ভারতের সামনে লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানে অবশ্য শিখর ধওয়ান নন, ভারতীয় দলের নেতৃত্ব রোহিত শর্মারই কাঁধে। ইংল্যান্ড সফরের পর বেশ কয়েকদিন বিশ্রামে কাটিয়ে এবার মাঠে ফেরার পালা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে যেমন উচ্ছ্বসিত রোহিত শর্মা, তেমনই এই সিরিজ যে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তাও মানতে দ্বিধা নেই ভারত অধিনাক রোহিত শর্মার।
একইসঙ্গে এই সিরিজে রোহিত শর্মার সামেন একটি রেকর্ড গড়ারও হাতছানি রয়েছে। কঠিন হলেও, একেবারে অসম্ভব নয়। একদিনের সিরিজের মতো টি টোয়েন্টিতেও যদি টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারেন, তবে এক বিশেষ রেকর্ড গড়বেন তিনি। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা। এই মুহূর্তে অধিনায়ক হিসাবে ২৬টি টি টোয়েন্টি জিতেছেন রোহিত শর্মা। বিরাট কোহলি জিতেছেন ৩০টি। ৫-০ করতে পারলেই সেই রেকর্ড ভেঙে দেবেন দ্য হিটম্যান।
ইংল্যান্ড সফরের পর বিশ্রামে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
যদিও রোহিত শর্মা কিন্তু এসব নিয়ে একবারেই ভাবছেন না। বিশ্রাম কাটিয়ে এখন মাঠে ফেরা নিয়েই বেশ উচ্ছ্বসিত হয়ে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে একদিন ও টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এরপরই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে তাঁকে এবং আরও বেশকিছু ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে একদিনের সিরিজে তরুণ ক্রিকটারদেরই খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
ইংল্যান্ডেই বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে ভারতীয় দল। দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে নিয়েই সেখানে পৌঁছেছেন রোহিত শর্মাও। শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই রোহিত শর্মা জানিয়েছেন, “কয়েকদিনের বিশ্রাম পাওয়াটা সত্যিই ভাল একটা ব্যপার। মাঠে ফেরার জন্য আমি মুখিয়ে রয়েছি। সিরিজ শুরুর অপেক্ষায় রয়েছি এবং সেইসঙ্গে যথেষ্ট উচ্ছ্বসিতও আমি। একইসঙ্গে এই সিরিজ চ্যালেঞ্জিংও হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ শিবিরেও ভাল ক্রিকেটাররা রয়েছেন”।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই কথা মাথায় রেখেই ভারতীয় দলের জন্য টি টোয়েন্টির ঠাসা কর্মসূচী রেখেছে বোর্ড। বাকি সিরিজ গুলোতে ভারতের দ্বিতীয় দলই খেলানো হচ্ছে। বিশ্বকাপের জন্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও পূর্ণশক্তির দলই নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় শিবির। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সই ধরে রাখার লক্ষ্যে এগোচ্ছে টিম ইন্ডিয়া।