“এই সিরিজটি ভুবনেশ্বর কুমারের জন্য একটি দুর্দান্ত সুযোগ” – দীনেশ কার্তিক
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন কার্তিক
আপডেট করা - Feb 16, 2022 5:18 pm

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ ভুবনেশ্বর কুমারের জন্য নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি দুর্দান্ত সুযোগ। মিডিয়াম-পেসারের দক্ষিণ আফ্রিকা সফর খুব খারাপ কেটেছিল এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের জন্য দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
জসপ্রিত বুমরাহ ও মহম্মদ শামি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম পাওয়ায় ভুবনেশ্বর কুমার এখন দলের একজন সিনিয়র বোলার। ৩২ বছর বয়সী ছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডের পেস আক্রমণে আছেন দীপক চাহার, শার্দূল ঠাকুর, আভেশ খান, হর্ষল প্যাটেল ও মহম্মদ সিরাজ।
কলকাতায় আয়োজিত হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভুবনেশ্বর কুমার সুবিধা নিতে পারেন উল্লেখ করে, দীনেশ কার্তিক ক্রিকবাজে বলেছেন, “আগের সিরিজে সবাই তাঁকে যেভাবে খেলতে দেখতে অভ্যস্ত তিনি সেভাবে সম্ভবত খেলতে পারেননি। তাই এই সিরিজটি তাঁর দক্ষতা প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এটা ভালো ব্যাপার যে কলকাতায় বল সুইং হওয়ার প্রবণতা দেখা যায়। তাই, আমি মনে করি আলোর নীচে সে বলকে দুই দিকে সুইং করতে পারবে এবং প্রথম দিকে কয়েকটি উইকেট নিতে পারলে বেশি খুশি হবে।”
ভুবনেশ্বর কুমারের নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে, বলেছেন শন পোলক
সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলার সাম্প্রতিক সময়ে প্রথম একাদশে নিজের জায়গা হারিয়েছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও ভালো যায়নি তাঁর। যদিও, শন পোলক বিশ্বাস করেন যে ভুবনেশ্বর কুমারকে শুধুমাত্র আধুনিক খেলার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে নতুন করে তৈরি করতে হবে। প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার বলেছেন, “আমি সবসময় ভুবির উভয় দিকে বল সুইং করানোর ক্ষমতা দ্বারা মুগ্ধ হয়েছি। এ ছাড়াও তার বোলিং বৈচিত্র্যের ক্ষমতা এবং ডেথ ওভারে বোলিং করার দক্ষতা। আমার মনে হয় তাকে কেবল ফিরে আসা দরকার। হয়তো নিজেকে একটু নতুন করে আবিষ্কার করতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।”
অন্যদিকে, ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ভালো ফর্মে ছিল। ক্যারিবিয়ান দল ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন করতে চায়বে। ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের ফলে সফরকারী দল এই ফর্ম্যাটে ভারতের মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করেন দীনেশ কার্তিক। তিনি বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের শক্তি হল এই ফর্ম্যাট। একটি আকর্ষণীয় নাম হল শে হোপ। তিনি অন্য দুটি ফর্ম্যাটে বেশী খেললেও, এই ফর্ম্যাটে তাঁকে খেলানো হচ্ছে দেখে ভালো লাগছে। আমি নিশ্চিত সে নিকোলাস পুরানের জন্য ভালো বদলি হবে।”
কার্তিক শেষে বলেন, “এই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলটি দেখতে বেশ শক্তিশালী। আমি আশা করি তারা গত সপ্তাহে যা করেছে তার থেকে অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে।”