অলরাউন্ডারের দৌড়ে হার্দিককে ছাড়িয়ে এগিয়ে গেছেন ভেঙ্কটেশ আইয়ার, মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

টি-টোয়েন্টি সিরিজে ভেঙ্কটেশের সংগ্রহে ৯২ রান ও ২ উইকেট

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: Twitter)

ভারতের টি-টোয়েন্টি দলে ফাস্ট-বোলিং অলরাউন্ডারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে যে লড়াই চলছে তাতে আপাতত হার্দিক পান্ডিয়াকে ছাড়িয়ে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে গেছেন বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। ইডেন গার্ডেন্সে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ১৭ রানের জয়ের পরে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে একটি আলোচনায় তিনি এই মন্তব্য করেছেন।

ওডিআই সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ৬ নম্বরে ব্যাটিং করে, ভেঙ্কটেশ আইয়ার তিনটি ইনিংসে ৯২ রান করেছেন ১৮৪ স্ট্রাইক রেটে। এই সিরিজে ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এই সিরিজের তিন ইনিংসে তাঁর ব্যাট হাতে অবদান ২৪*, ৩৩ ও ৩৫*। তিনি ৩.১ ওভার বল করে ৮.৫২ ইকোনমি রেটে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। 

ভেঙ্কটেশের অলরাউন্ড পারফর্ম্যান্স দেখে মুগ্ধ ওয়াসিম জাফর

ওয়াসিম জাফর বলেছেন যে এই মুহুর্তে, ভেঙ্কটেশ আইয়ার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নির্বাচিত হওয়ার ব্যাপারে হার্দিকের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি বলেছেন, “এই মুহুর্তে, আমি মনে করি সে একটু এগিয়ে আছে কারণ আপনি জানেন না হার্দিক পান্ডিয়া এখন বোলিং করছেন কিনা বা তিনি কতটা ফিট। স্পষ্টতই হার্দিক পান্ডিয়ার আইপিএল কেমন যায় তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এখনকার হিসাবে, ভেঙ্কটেশ আইয়ার হার্দিক পান্ডিয়ার চেয়ে এগিয়ে।”

মূলত টপ-অর্ডার ব্যাটার হওয়া সত্ত্বেও ভেঙ্কটেশ আইয়ার যেভাবে ৬ নম্বর স্থানে মানিয়ে নিয়েছেন তা নিয়ে ওয়াসিম জাফর অবাক হয়েছেন। তিনি যুক্ত করেছেন, “আমি অবাক হয়েছি যে সে ৬ নম্বর ব্যাটার হিসেবে কতটা ভালো খেলছে। আমরা তাকে একজন ওপেনার হিসেবে দেখেছি কিন্তু ৬ নম্বরে এসে এত ভালোভাবে মানিয়ে নেওয়া এবং খেলা শেষ করা অসামান্য। এছাড়াও, সে যেভাবে বোলিং করেছে! কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে। সে অবশ্যই [ভারতের হয়ে] বিশ্বকাপে খেলতে পারবে।”

শুক্রবার থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের দলে হার্দিক পান্ডিয়ার নাম ছিল না। নির্বাচকদের চেয়ারম্যান চেতন শর্মা তাঁর সংবাদ সম্মেলনে বলেছেন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিশ্চিত নয় হার্দিক পান্ডিয়া “১০০ শতাংশ ফিট” কি না।

ওয়াসিম জাফর সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্স প্রসঙ্গে বলেছেন, “তিনি সহজেই ৪ বা ৫ বম্বরে ব্যাট করতে পারেন, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩ নম্বরে ব্যাট করেন … তিনি মাঠের সবদিকে শট খেলেন, স্পিনার এবং ফাস্ট বোলারদের বিরুদ্ধে অপ্রচলিত শট মারেন, ইনিংস গড়ে তুলতে পারেন, তিনি ইনিংস শেষ করতে পারেন। তাই আমি মনে করি তিনি নিশ্চিতভাবেই বিশ্বকাপে যাবেন।” 

close whatsapp