১০০০ তম ম্যাচে জয়ের লক্ষ্যে রোহিত শর্মার নেতৃত্বে প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

Indian cricket team
Indian cricket team. (Photo Source: twitter/BCCI)

করোনার হানায় একসময় ভারতের প্রথম একাদশ গড়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। অবশেষে সেই সমস্যা তারা কাটিয়ে উঠেছে। বৃহস্পতিবারই মাঠে নেমেছিলেন রোহিত শর্মারা। তবে করোনার জেরে সেদিন চার থেকে পাঁচজনকে নিয়ে চলেছিল হাল্কা প্রস্তুতি। শুক্রবার থেকেই ১০০০ তম একদিমের ম্যাচে নেমের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। প্রথমবার ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হয়ে ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি শুরু দ্য হিটম্যানেরও।

আগামী ৬ ফেব্রিুয়ারী থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে ভারতের। প্রথম ম্যাচই টিম ইন্ডিয়ার সামনে মাইলস্টোন ম্যাচ। ১০০০ তম ম্যাচে নামবে ভারত। যা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। করোনার বাধা কাটিয়ে সেই ম্যাচের প্রস্তুতিতেই এখন মগ্ন ভারত। একদিকে হাজার তম ম্যাচ। অন্যদিকে এই ম্যাচ দিয়েই প্রথমবার একদিনের ক্রিকেটের পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে অভিষেক করবেন রোহিত শর্মা।

শুক্রবারই আহমেদাবাদে পুরো দল নিয়ে নেমে পড়লেন তিনি। প্রস্তুতি শুরুর আগেই দেখা গেল এক অন্য চিত্র। গোটা দলকে নিয়ে দাঁড়িয়ে পেপটক দিচ্ছিলেন রোহিত। নতুন দায়িত্ব। প্রস্তুতি শুরুর আগেই ক্রিকেটারদের বার্তা দ্য হিটম্যানের। লড়াইটা যে কঠিন তা বেশ ভালভাবেই বুঝতে পারছেন তিনিও। করোনার জন্য হাতে সময়ও বেশী নেই তাদের। মাত্র দুদিনেই সমস্ত প্রস্তুতি সারতে হচ্ছে ভারতীয় দলকে। সেই সময়ই বিভিন্ন ভুল ভ্রান্তি শুধরে নিতে চাইছেন তারা।

পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে ১০০০ তম ম্যাচের প্রস্তুতি শুরু রোহিত শর্মার, মাঠেই ক্রিকেটারদের দিলেন বার্তা

করোনায় আক্রান্ত হয়ে প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শিখর ধওয়ান। একই কারণে দলে নেই শ্রেয়স আইয়ারও। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এখন ভারতীয় দলের নজর ওপেনিং জুটির দিকেই। ধওয়ান ছিটকে যাওয়ার পরই দলে এসেছেন ময়াঙ্ক আগরওয়াল। ব্যাকআপ হিসাবে এসেছেন ঈশান কিষাণও। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন তা নিয়েই এদিন থেকে পরীক্ষা নীরিক্ষা শুরু হয়ে গিয়েছে।

শ্রেয়সের জায়গায় মিডল অর্ডার কে সামলাবেন, সেটাও এদিন নজরে রেখেছিলেন দ্রাবিড়, রোহিত শর্মারা। ১০০০ তম ম্যাচ ঘিরে গোটা দেশেই চড়ছে উন্মাদনার পারদ। ঘরের মাঠে ঐতিহাসিক ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়াও। সেই হিসাব নিকাশ এখন থেকেই চলছে ভারতীয় শিবিরের অন্দর মহলে। অন্যদিকে একই দিন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। আইপিএলে তারা এক দলের সতীর্থ হলেও, আহমেদাবাদে এখন রোহিতের বিরুদ্ধে ক্যারিবিয়ান ব্রিগেডকে নেতৃত্ব দেবেন কায়রণ পোলার্ড।

সদ্য ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে ভারতও দক্ষিণ আফ্রিকা সিরিজে হারের পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া। ১০০০ তম ম্যাচে রোহিতের মুখে হাসি ফোটে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp