অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া স্কট বোল্যান্ডের জায়গায় মিচেল স্টার্ককে প্ৰথম একাদশে সুযোগ দেবে বলে মনে করছেন টিম পেইন
আপডেট করা - Jun 22, 2023 7:55 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। ডব্লুটিসির ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে প্রধান পেসার হিসেবে খেলেছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। এই ম্যাচটিতে মিচেল স্টার্ক প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৩.৪ ওভারে ৭১ রান এবং ১৪ ওভারে ৭৭ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, স্কট বোল্যান্ড প্ৰথম ইনিংসে ২০ ওভারে ৫৯ রান দিয়ে ২টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৪৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে জশ হ্যাজেলউড ফিট হয়ে যাওয়ায় তাকে প্ৰথম একাদশে রেখেছিল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ককে ছাড়াই প্ৰথম টেস্টে খেলতে নেমেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে স্কট বোল্যান্ড প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ১৪ ওভারে ৮৬ রান এবং ১২ ওভারে ৬১ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছিলেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম পেইন মনে করছেন যে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে স্কট বোল্যান্ডকে বসিয়ে মিচেল স্টার্ককে দলে নেবে অস্ট্রেলিয়া।
এসইএন পডকাস্টে টিম পেইন বলেন, “আপনি যখন পাঁচ ম্যাচের সিরিজে খেলছেন তখন এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ছয় সপ্তাহে ছয়টি টেস্ট ম্যাচ খেলছি, তাই কোনো সন্দেহ নেই যে সেই ফাস্ট বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। আমার মনে হয় তারা (স্কট) বোল্যান্ডের বদলে (মিচেল) স্টার্ককে আনবে। আবার স্কট বোল্যান্ডকে বাদ দেওয়ার কথা বলছি না, তিনি অবিশ্বাস্য বোলিং করছেন, কিন্তু এই অ্যাশেজের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেক বোলারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। আমার মনে হয় যে শুধুমাত্র একজনকেই তারা পাঁচটি টেস্টে খেলানোর চেষ্টা করবেন এবং স্পষ্টতই তিনি হলেন আমাদের অধিনায়ক প্যাট কামিন্স।”
“ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছে তাতে মিচেল স্টার্ককে আবার খেলতে দেখার জন্য আমি সত্যিই উচ্ছ্বসিত” – টিম পেইন
২৮শে জুন, বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক খেললে তিনি নাথান লিয়নকে সহায়তা করতে পারবেন বলে মনে করছেন টিম পেইন।
টিম পেইন বলেন, “ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছে তাতে মিচেল স্টার্ককে আবার খেলতে দেখার জন্য আমি সত্যিই উচ্ছ্বসিত। আমার মনে হয় তার অতিরিক্ত এয়ারস্পিড, ওভার এবং অ্যারাউন্ড দ্য উইকেট থেকে তিনি যে ভিন্ন অ্যাঙ্গেলগুলি তৈরি করতে পারেন সেগুলি ভালো কাজে দেয়, তিনি অনেকগুলি সুযোগ তৈরি করে দিতে চলেছেন। তিনি তার ফুটমার্কের মাধ্যমে নাথান লিয়নকে খেলায় অনেক সাহায্য করতে পারবেন।”