“এই ৭৯ রান অনেক সেঞ্চুরির চেয়ে বেশী মূল্যবান” – বিরাটের শৃঙ্খলার প্রশংসা প্রাক্তন ওপেনারের মুখে
বিরাটের ইনিংসের সৌজন্যে ভারত ২২৩ রান করে
আপডেট করা - Jan 12, 2022 10:56 am

আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে বিরাট কোহলির ৭৯ রানের ইনিংসটি বিরাটের করা অনেক সেঞ্চুরির চেয়ে বেশী মূল্যবান ছিল। কোহলি ভারতের প্রথম ইনিংসে একটি দৃঢ় ইনিংস খেলেন এবং ২০১ ডেলিভারি টিকে থেকে ৭৯ রান করে দক্ষিণ আফ্রিকার আক্রমণ প্রতিহত করেন। তাঁর প্রচেষ্টা সত্ত্বেও টিম ইন্ডিয়া ২২৩ রানে অল আউট হয়ে যায় এবং প্রথম দিনের শেষে সিরিজ-নির্ধারক ম্যাচে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায়।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া কোহলির প্রশংসায় মুগ্ধ হয়ে বলেছেন, “আমরা ধৈর্য, শৃঙ্খলা, দৃঢ়তা দেখেছি এবং তাঁর মানসিকতা অসাধারণ ছিল। টেস্ট ক্রিকেটে একজন ব্যাটারের মধ্যে আপনি যা দেখতে চান, আপনি তা দেখতে পেয়েছেন। ২১ রানের জন্য একটি সেঞ্চুরি হয়নি তবে সে ৭৯ রান করেছে। এই ৭৯ রান অনেক সেঞ্চুরির চেয়ে বেশী মূল্যবান।”
সঙ্গীর অভাব না হলে বিরাটের ৭৯ রান হয়তো সেঞ্চুরিতে পরিণত হতে পারত, মনে করেন আকাশ চোপড়া
ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশ যোগ করেছেন কোহলির এই ইনিংস সোনালি অক্ষরে লেখা উচিত। চোপড়া বিস্তারিত বলেছেন, “বিরাট কোহলি একাই লড়ে গেলেন এবং পুরো দল অন্য প্রান্ত থেকে আউট হয়ে গেছে। আমরা যে ধরনের ব্যাটিং দেখেছি তার প্রশংসায় কবিতা লেখা উচিত। আমরা কোহলির সুন্দর শট দেখি, আমরা আধিপত্য এবং আবেগ দেখি। এখানে, আমরা আবেগ দেখেছি কিন্তু আধিপত্য নয়।”
দক্ষিণ আফ্রিকার বোলাররা কোহলির ইনিংসের শুরুতে অফ-স্টাম্পের বাইরের লাইন ধরে রেখেছিলেন এবং তিনি ধৈর্য ধরে খেলছিলেন। তবে ভারতীয় অধিনায়ক তাদের ফাঁদে না পড়ে সেই ডেলিভারিগুলো খেলা থেকে বিরত থাকেন।
আকাশ চোপড়া উল্লেখ করেছেন যে কোহলি অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন পেলে তিন অঙ্কের রান পেরোতে পারতেন। তাঁর পর্যবেক্ষণ, “সে ড্রাইভ খেলেছে কিন্তু বোলারদের সোজা বল করতে বাধ্য করার পরেই সেগুলি খেলেছে, অন্যথায় সে ডেলিভারি ছেড়ে দিয়েছে। যদি একজন সঙ্গী থাকত, তাহলে সে হয়তো আরও কিছু রান করতে পারত এবং সম্ভবত সেঞ্চুরির অপেক্ষাও শেষ হত।”
তিনি বিরাটের এই ইনিংসটিকে তাঁর দেখা অন্যতম সেরা বলেও অভিহিত করেছেন। চোপড়া ব্যাখ্যা করেছেন, “যে এই ইনিংসটি দেখেছে, তারা এটি দীর্ঘ সময়ের জন্য মনে রাখবে। চাপ শুষে নেওয়ার একটি ইনিংস ছিল। কোহলি ঠিক যেন স্পঞ্জের মতো। সেরা ইনিংসগুলির মধ্যে একটি।”
চোপড়া এই বলে শেষ করেছেন যে কোহলির ইনিংসটি রাহুল দ্রাবিড়ের জন্মদিনে তাঁর জন্য একটি উপযুক্ত উপহার ছিল।