কেপটাউনে উমেশের থেকে ইশান্ত শর্মাকেই এগিয়ে রাখছেন দীপ দাশগুপ্ত

Deepdas Gupta
Deepdas Gupta. (Photo Source: Instagram)

কেপটাউনে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এমন সময় তাঁর জায়গায় কাকে খেলানো হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। সিরাজ খেলতে না পারলে তাঁর জায়গায় কাকে খেলানো হবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যখন এই চিন্তায় ব্যস্ত, সেই সময় ইশান্তের হয়েই ব্যাটিং করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত। কেপটাউনে উমেশ যাদবের থেকে ইশান্ত শর্মাকেই এগিয়ে রাখছেন তিনি।

ওয়ান্ডারার্স টেস্ট চলার দ্বিতীয় দিনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মহম্মদ সিরাজ। সেদিন আর বল করতে না পারলেও তৃতীয় দিন ফের বল হাতে দেখা গিয়েছিল সিরাজকে। কিন্তু  সেই ছন্দে খুঁজে পাওয়া যায়নি। তিনি যে বোলিং করতে স্বচ্ছন্দ ছিলেন না তাও বেশ স্পষ্ট ছিল। এরপরই সিরাজকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। তৃতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েই চলছিল জোর জল্পনা।

সেই জল্পনাকেই আরও তীব্র করেছিল খোদ দ্রাবিড়ের মন্তব্য। হ্যামস্ট্রিংয়ে চোট লাগলে তাড়াতাড়ি সেরে ওঠা যে একটু  সমস্যা, তা দ্রাবিড়ই বলেছিলেন। আর এর থেকেই সিরাজের না খেলার সম্ভাবনা জোরালো হয়েছিল। তবে কেপটাউনের মতো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে খেলবেন তাঁর জায়গায়।

এতসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে,তখন ইশান্ত শর্মাকেই প্রথম একাদশে খেলানোর পরামর্শ দীপ দাশগুপ্তের। তিনি মনে করেন এই ম্যাচে উমেশের থেকে ইশান্তই বেশী কার্যকর হবেন। দীপ জানান, ‘আমি জানি না এখনও কোহলির ইশান্তের ওপর সেই ভরসা আছে কিনা, যা ২০১৯ সাল পর্যন্ত দেখা যেত। তবে আমি উমেশের থেকে ইশান্ত শর্মাকেই এগিয়ে রাখব। তার কারণ প্রথমত তাঁর উচ্চতা এবং সেই সঙ্গে দীর্ঘক্ষণ ধরে ব্যাটসম্যানকে ক্রিজে দাঁড় করিয়ে রাখার ক্ষমতা রয়েছে তাঁর’।

শেষবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কানপুর টেস্টে দেখা গিয়েছিল ইশান্ত শর্মাকে। এরপর এখনও পর্যন্ত ইশান্ত শর্মাকে আর ভারতীয় দলে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে থাকলেও, পরপর দু ম্যাচেই ইশান্তকে শর্মাকে খেলায়নি টিম ইন্ডিয়া। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইশান্তের বোলিং রেকর্ড খুব একটা খারাপ নয়।

প্রোটিয়াদের মাটিতে ৭ টি ম্যাচ খেলেছেন তিনি। রয়েছে ২০টি উইকেট। মহম্মদ সিরাজের চোট হওয়ায় এখন ফের আলোচনায় চলে এসেছেন ইশান্ত শর্মা। কাকে খেলানো হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। কেপটাউনে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। সেই ম্যাচের প্রথম একাদশে ইশান্ত শর্মার জায়গা হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp