টার্নিং ট্র্যাক নিয়ে চিন্তিত, তাই স্পিন মোকাবিলার দিকেই নজর রাহুলের

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চান রাহুল

kl Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

টিম ইন্ডিয়ার টেস্ট সহ-অধিনায়ক কেএল রাহুল বলেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে স্বাগতিক দল কোনোরকম পূর্বনির্ধারিত আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামবে না। তিনি বলেছেন যে ব্যাটাররা খেলার পরিস্থিতি মূল্যায়ন করবে এবং এমন একটি পরিকল্পনা থাকবে যা দলের জন্য সেরা।

ঘরের মাঠে সাদা বলের প্রতিযোগিতায় শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডকে পরাজিত করে ভারত ২০২৩-এর একটি দুর্দান্ত সূচনা করেছিল। মেন ইন ব্লু-র আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্য ভারতীয় দল বিশাল স্কোর খাড়া করতে সক্ষম হয়েছিল। যদিও গত দুই বছরে টিম ইন্ডিয়া লাল বলের ফর্ম্যাটে বেশ কয়েকবার হোঁচট খেয়েছে। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ টেস্ট সিরিজে জিতলেও তা খুব বলিষ্ঠ জয় ছিল না।

প্রতিটি বোলারকে কীভাবে সামলাতে হয় সে সম্পর্কে ব্যক্তিগত পরিকল্পনা রয়েছে: কেএল রাহুল

ভারতীয়রা এখন বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি প্রাক-সিরিজ সংবাদ সম্মেলনে রাহুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দলটি তাদের সাদা বলের মানসিকতা টেস্ট ম্যাচেও দেখাবে কিনা। তিনি জানিয়েছেন আগে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে দল খেলে না। পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যাটাররা ব্যাটিং করেন।

“আমরা সত্যিই পরিকল্পনা করি না এবং ভাবি না যে এটি একটি টেস্ট ম্যাচ বা একটি ওডিআই ম্যাচ। প্রতিটি বোলারকে কীভাবে সামলাতে হয় সে সম্পর্কে ব্যক্তিগত পরিকল্পনা রয়েছে। আমরা সবাই চেষ্টা করি পরিস্থিতি মূল্যায়ন করার। যদি পরিস্থিতি আমাদের কাছ থেকে কয়েকটি শট খেলার দাবি করে, তবে আমাদের সেটাই করতে হবে। পরিস্থিতি যদি আমাদের সাধারণ টেস্ট ক্রিকেট খেলার দাবি করে, তখন শুধু বলের যোগ্যতার ভিত্তিতে খেলা হয়। মূল বিষয় হল পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া,” জানিয়েছেন রাহুল।

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার বেশ কয়েক দিন আগে থেকেই পিচ সংক্রান্ত আলোচনা শুরু হয়ে গেছে। বিপক্ষ অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলতে ভারত র‍্যাঙ্ক টার্নার পিচে খেলতে পারে, এমন আলোচনা চলছে। কর্ণাটকের ব্যাটার স্বীকার করেছেন যে কীভাবে স্পিন খেলতে হবে এবং তার জন্য কীভাবে প্রস্তুত হতে হবে সিরিজের আগে, মূলত সেই দিকেই দৃষ্টি নিবদ্ধ ছিল দলের।

রাহুল বলেছেন, “একটি জিনিস যা নিয়ে আমরা স্পষ্টতই কাজ করেছি তা হল স্পিনের মোকাবিলা। আমরা জানি এখানে পিচগুলো কেমন হবে এবং এখান থেকে কী আশা করা যায়। সেটা মাথায় রেখেই আমরা স্পিন খেলার অনুশীলন করেছি। প্রত্যেক ব্যক্তির নিজস্ব নিজস্ব পরিকল্পনা রয়েছে – প্রত্যেকেই একটি নির্দিষ্ট উপায়ে খেলতে চায়, যা নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যাটিং গ্রুপ হিসাবে, আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছি।”

close whatsapp