“এটাই হয়তো তাঁর খেলা শেষ টেস্ট” – সেরা ফর্মে থাকা বোলার সম্বন্ধে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

সিডনিতে চতুর্থ টেস্টে ফিরে আসতে পারেন ঝাই রিচার্ডসন

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

অস্ট্রেলিয়ার কিংবদন্তী রিকি পন্টিং মনে করেন, অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মতো পার্ফরম্যান্স সত্ত্বেও পেসার স্কট বোল্যান্ড হয়তো দেশের হয়ে আর একটিও টেস্ট খেলতে পারবেন না। পন্টিংয়ের মতে, বোল্যান্ডের চেয়ে অভিজ্ঞ জশ হ্যাজলউড এবং বেশী পেস থাকা ঝাই রিচার্ডসনকে প্রাধান্য দেওয়া হবে। তাই স্মরণীয় অভিষেকই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে থেকে যাবে বোল্যান্ডের। 

বোল্যান্ডের ইতিমধ্যেই ৩২ বছর বয়স। তাঁকে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের পরে পরিবর্ত হিসেবে ডাকা হয়েছিল, এবং এমসিজিতে অপ্রত্যাশিতভাবেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। হ্যাজেলউড তৃতীয় টেস্ট থেকে আগেই বাদ ছিলেন, অ্যাডিলেডের ম্যাচের পর ঝাই রিচার্ডসন ও মাইকেল নেসারও ব্যথার কারণে খেলতে পারেননি।

পন্টিং বিস্তারিত জানিয়েছেন কেন তিনি মনে করেন বোল্যান্ড তাঁর শেষ টেস্ট খেলে ফেলেছেন

দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট নিয়ে একটি চমৎকার পরিসংখ্যানসহ ম্যাচ শেষ করেছেন তিনি। ইংল্যান্ডকে ৬৮ রানে অল আউট করার মূল কারিগর তিনিই। cricket.com.au-এর সাথে কথা বলার সময়, পন্টিং বোল্যান্ডের টেস্ট ভবিষ্যত সম্পর্কে একটি রূঢ় কিন্তু যুক্তিপূর্ণ মূল্যায়ন করেছেন।

তিনি মন্তব্য করেছেন, “এটাই হয়তো তাঁর খেলা শেষ টেস্ট হতে পারে। এটা ভাবতে অবাক লাগতে পারে। তবে তাঁর বয়স প্রায় ৩৩। সে মাত্র সাত রান দিয়ে ছয়টি উইকেট তুলেছে ঠিকই। হফ (হ্যাজলউড) কে ফিরে আসতে হবে, ঝাইও সম্ভবত তাঁর চেয়ে এগিয়ে আছেন সুযোগ পাওয়ার বিচারে। “

পন্টিং মত দিয়েছেন যে যদি হ্যাজেলউডকে না পাওয়া যায় এবং অস্ট্রেলিয়াকে যদি আসন্ন টেস্টের জন্য রিচার্ডসন এবং বোল্যান্ডের মধ্যে বেছে নিতে হয়, তবে রিচার্ডসন সুযোগ পেতে পারেন। পান্টার ব্যাখ্যা করেছেন, “যদি হ্যাজেলউডকে নিয়ে কোন চিন্তা থাকে – তারা রিচার্ডসন এবং বোল্যান্ডের মধ্যে কাকে বেছে নেবে? এটিই আমার মনে হয় নির্বাচনের বড় পয়েন্ট হতে চলেছে। যদি হফকে পাওয়া না যায়, আমি মনে করি আপনাকে ঝাইকে নিতে হবে। অ্যাডিলেডে তাঁকে বোল্যান্ডের আগে নির্বাচন করা হয়েছিল – আমি মনে করি সেটাই করা ন্যায্য।”

বোল্যান্ড বনাম রিচার্ডসন বিতর্ক অব্যাহত রেখে পন্টিং যোগ করেছেন, “অ্যাডিলেডে ঝাই খারাপ বোলিং করেনি, দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট পেয়েছিলেন। সুযোগ পাওয়ার বিচারে সম্ভবত ঝাই যোগ্য, তবে স্কটির পক্ষে এটি কঠোর হবে।”

রিচার্ডসন অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এবং অস্ট্রেলিয়া ২৭৫ রানের বিশাল জয় অর্জন করেছিলেন।  

close whatsapp